Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯, ২৫ জুন ২০২৬

ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করলো ঢাকা

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করলো ঢাকা
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ। একই সঙ্গে এ বিষয়ে ভারতের দেয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৪ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ মন্তব্য করেন।

বাসসকে দেয়া প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাহেদ উর রহমানের সফর এবং তার দায়িত্ব সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগেই যথাযথভাবে অবহিত করা হয়েছিলো। এরপরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, এ ঘটনায় ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক নয়। বিষয়টি নিয়ে আমরা আগেই প্রয়োজনীয় তথ্য ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছিলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট আইওআরএ (Indian Ocean Rim Association-IORA)-এর একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার কথা ছিলো। সে বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিলো।

তিনি বলেন, এ বিষয়ে আগেই জানানো হওয়ার পরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।

জানা গেছে, চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে অংশ নিতে ভারত সফরে যান জাহেদ উর রহমান। বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে তার ওই বৈঠকে অংশ নেয়ার কথা থাকলেও দিল্লি বিমানবন্দরে তাকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেয়া হয়। এরপর বিষয়টি দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়।

এদিকে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কেও প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে প্রতিটি রাষ্ট্রের নিজ নিজ ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

পর্যবেক্ষকদের মতে, দিল্লি বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হলেও বাংলাদেশ সরকার বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পারমাণবিক অস্ত্রই বিশ্বকে বড় যুদ্ধ থেকে বাঁচিয়ে রেখেছে: রাশিয়া
ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করলো ঢাকা
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ দোররার সাজা
বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প-ইনফান্তিনোর যৌথ ট্রফি প্রদান
ডিসি সারওয়ার আমাদের ‘চোখ খুলে দিয়েছেন’: মন্ত্রী আরিফুল হক
সীমান্ত রক্ষায় সীমান্তবাসীদের সামরিক ট্রেনিং দিতে হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
রেমিট্যান্সে নতুন রেকর্ডের পথে বাংলাদেশ
প্যারিসে ফের খুলছে মেরি ও লুই পাস্তুরের অ্যাপার্টমেন্ট-মিউজিয়াম
প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেলো তরুণীর
রিজার্ভে স্বস্তি, ছাড়ালো ৩৬ বিলিয়ন ডলার
১৭ বছর পর পেয়েছি কার্যকর জাতীয় সংসদ: স্পিকার
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
৫ আগস্টের পর আ.লীগের রাজনীতি শেষ হয়ে গেছে: নাহিদ ইসলাম