সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর।
মস্তিষ্কে রক্তক্ষরণের পর বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে নেয়া হয়। শুক্রবার স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি দেশের সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে অনলাইন সাংবাদিকতার বিকাশে তার ভূমিকা উল্লেখযোগ্য। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন স্থানে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নেন তিনি।
সম্প্রচার, মুদ্রণ ও ডিজিটাল—তিন মাধ্যমেই সাংবাদিকতার অভিজ্ঞতা ছিলো তার। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি সাংবাদিকতা করেছেন।
২০০৬ সালে তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। এর মধ্য দিয়ে বাংলাদেশের সংবাদ পরিবেশনে অনলাইনভিত্তিক একটি নতুন ধারার বিকাশ ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেশের প্রথম সার্বক্ষণিক ইন্টারনেট সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিলো।
সাংবাদিকতার পাশাপাশি গণমাধ্যমের দর্শন ও দায়িত্ব নিয়েও তিনি বিভিন্ন সময়ে কথা বলেছেন। ২০২৫ সালে বিডিনিউজের ১৯ বছর পূর্তি উপলক্ষে দেয়া বক্তব্যে তিনি সংবাদমাধ্যমের মূল দায়িত্ব হিসেবে খবর প্রকাশ এবং ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনার কথা তুলে ধরেছিলেন।
তৌফিক ইমরোজ খালিদীর সাংবাদিকতা জীবনে বিভিন্ন স্বীকৃতিও এসেছে। ২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে তিনি বিশেষ সম্মাননা পান। ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হয়। ওই বছরের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে এ সম্মাননা দেয়া হয়। জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
দেশের অনলাইন সাংবাদিকতার শুরুর দিকের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তৌফিক ইমরোজ খালিদীর দীর্ঘ কর্মজীবন বাংলাদেশের গণমাধ্যমের ডিজিটাল রূপান্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলো। প্রিন্ট ও সম্প্রচারমাধ্যমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি অনলাইন সংবাদ পরিবেশনের একটি নতুন কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব দেন।
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবরে দেশের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করছেন।
সবার দেশ/কেএম




























