Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে বক্তারা

তরুণদের হৃদরোগ ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর আহ্বান

তরুণদের হৃদরোগ ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর আহ্বান
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বজুড়ে অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ। বিশেষ করে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও অসংক্রামক রোগ প্রতিরোধে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এ আহ্বান জানান। ‘তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

ওয়েবিনারে জানানো হয়, বিশ্বে প্রতিবছর হৃদরোগের কারণে প্রায় ৬৫ লাখ মানুষ অকাল মৃত্যুবরণ করেন। এর অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ। বাংলাদেশেও হৃদরোগজনিত মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। দেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ হৃদরোগের কারণে ঘটে। ২০২৪ সালে দেশে হৃদরোগজনিত অসুস্থতায় প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ মারা গেছেন। এর মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর জন্য উচ্চ রক্তচাপ দায়ী বলে ওয়েবিনারে উল্লেখ করা হয়।

বিশেষজ্ঞরা বলেন, হৃদরোগজনিত মৃত্যুর একটি উল্লেখযোগ্য অংশ অকাল মৃত্যু। তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপের প্রবণতা উদ্বেগজনক। ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত।

ওয়েবিনারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৪ শতাংশ করা হয়েছে, যা প্রশংসনীয়। বর্ধিত বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপের ওষুধে ব্যয় করা হলে দেশে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগের ঝুঁকি কমাতে তা কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মারুফ হক খান বলেন, উচ্চ রক্তচাপজনিত হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপন সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে তরুণদের মধ্যে স্বাস্থ্যকর জীবনাচরণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান বলেন, তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো প্রয়োজন। এ বিষয়ে নিয়মিত ও তথ্যভিত্তিক প্রচারণার মাধ্যমে তরুণদের সচেতন করা সম্ভব।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রূহুল কুদ্দুস বলেন, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ অসংক্রামক রোগের কারণে ঘটে। অথচ স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ এ খাতে বরাদ্দ রয়েছে। উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন।

বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় কোনো দৃশ্যমান উপসর্গ ছাড়াই শরীরে ক্ষতি করতে পারে। ফলে তরুণদের মধ্যেও নিয়মিত রক্তচাপ পরীক্ষা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রম বৃদ্ধি এবং তামাকজাত পণ্য পরিহারের মতো প্রতিরোধমূলক পদক্ষেপ জোরদার করা জরুরি। পাশাপাশি উচ্চ রক্তচাপ শনাক্ত হওয়ার পর নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

ওয়েবিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এবং ভাইটাল স্ট্র্যাটেজিসের কনসালটেন্ট আমিনুল ইসলাম সুজন।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। তরুণদের সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা শ্রেণি-পেশার মানুষ ওয়েবিনারে অংশ নেন।

আগামীকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘হার্ট ডিজিজ ক্যান হাইড ইন প্লেইন সাইট: ডোন্ট মিস এ বিট’।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

হুমকি উপেক্ষা করে মধ্যরাতে উত্তাল চুয়েট
প্রেস ক্লাবের কমিটি, অনুমোদন দিলেন বিএনপির এমপি
রূপপুরে ইউরেনিয়াম জ্বালানি আসছে অক্টোবরে: রোসাটম
গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর, বৈঠকে ইরান
হাফ প্যান্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি, সাড়া ১৬০০ জনের
কাতারের এলএনজি বন্ধ, চাপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান
বরেণ্য সাংবাদিক গাজীউল হাসান খানের জন্মদিন উদযাপন
রাড্ডা ক্লিনিক দখলকারীরাই এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ
আ.লীগের সাবেক এমপির বাসায় ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক
বাংলাদেশি পাটপণ্যে ভারতে সর্বোচ্চ ৪৪৫ ডলার শুল্ক
মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির
তরুণদের হৃদরোগ ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর আহ্বান
জামিন হয়নি এমপি নজরুলের, রিমান্ড শেষে কারাগারে
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফের রিট
নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্টে হাইকোর্টের রুল
চাঁদাবাজি ঠেকাতে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাতের