Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১১, ৩০ জুন ২০২৬

আপডেট: ০০:১২, ৩০ জুন ২০২৬

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত বেইজিংয়ের

তিস্তা প্রকল্পে ভারতের আপত্তির জবাবে চীনের কড়া বার্তা

তিস্তা প্রকল্পে ভারতের আপত্তির জবাবে চীনের কড়া বার্তা
ছবি: সংগৃহীত

তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (টিআরসিএমআরপি) ঘিরে ভারতের নিরাপত্তাজনিত উদ্বেগের জবাবে স্পষ্ট অবস্থান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, বাংলাদেশের সঙ্গে তিস্তা প্রকল্পে তাদের সহযোগিতা সম্পূর্ণ দ্বিপাক্ষিক এবং এটি কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। একই সঙ্গে চীন পুনর্ব্যক্ত করেছে, বাংলাদেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে এ প্রকল্পে তারা প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

সোমবার (২৯ জুন) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন।

তিনি বলেন, তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাংলাদেশ এ প্রকল্পকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং চীনও তার সামর্থ্য অনুযায়ী এ প্রকল্পে সহযোগিতা দিতে প্রস্তুত।

গুও জিয়াকুন আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার সহযোগিতা পারস্পরিক সম্মান ও উন্নয়ন অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এ সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এতে বাইরের কোনও পক্ষের হস্তক্ষেপ বা প্রভাব থাকা উচিত নয়।

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের মূল কারণ কৌশলগত অবস্থান। তিস্তা নদীর অববাহিকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের খুব কাছাকাছি হওয়ায় দীর্ঘদিন ধরেই নয়াদিল্লি এ প্রকল্প নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত, তার কাছাকাছি চীনের সম্পৃক্ততা ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে দেশটি।

শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের একমাত্র স্থল সংযোগ হওয়ায় অঞ্চলটি দেশটির জন্য অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। ফলে তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণ নিয়ে ভারত একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে।

তবে চীন ভারতের সে উদ্বেগকে কার্যত নাকচ করে দিয়ে বলেছে, এ প্রকল্পের লক্ষ্য কেবল বাংলাদেশের পানি ব্যবস্থাপনার উন্নয়ন, নদী পুনরুদ্ধার এবং জনগণের জীবনমানের উন্নয়ন। এর সঙ্গে কোনও ভূরাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়।

চীনের মুখপাত্র আরও জানান, বেইজিং বাংলাদেশের জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে আগ্রহী। অর্থনীতি, বাণিজ্য, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার জন্যও চীন প্রস্তুত রয়েছে।

এদিকে পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞরা প্রথমবারের মতো যৌথ কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা (টেকনিক্যাল ফিজিবিলিটি স্টাডি) পরিচালনা করবেন।

তিনি বলেন, আগের আলোচনার তুলনায় এবার দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উভয় পক্ষই সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার বিষয়ে একমত হয়েছে। এ সমীক্ষায় প্রকল্পটি বাস্তবসম্মত ও কার্যকর বলে প্রমাণিত হলে চীন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে সম্মত হয়েছে।

তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর উন্নয়ন ও ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা ও বেইজিং ইতোমধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতায় পৌঁছেছে। এর ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিউবো) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ারচায়না তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এগিয়ে নিতে তাদের বিদ্যমান সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদও বাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, তিস্তা প্রকল্প শুধু একটি নদী ব্যবস্থাপনা কর্মসূচি নয়; এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কূটনীতি, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং ভূরাজনৈতিক ভারসাম্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে প্রকল্পটি বাস্তবায়নের প্রতিটি ধাপ বাংলাদেশ, চীন ও ভারতের সম্পর্কের দিক থেকেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়া বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
পুলিশকে ‘ম্যানেজ’ করে মুক্ত হচ্ছেন নিষিদ্ধ আ.লীগ নেতারা!