Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:২২, ২১ নভেম্বর ২০২৬

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১

হুদাইদাহসহ বিভিন্ন এলাকায় হামলা, অস্ত্র ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্যবস্তু করার দাবি জোটের; পাল্টা হামলার হুঁশিয়ারি হুতিদের।

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১
ছবি: সংগৃহীত

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির হুতি গোষ্ঠী। লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাহসহ ইয়েমেনের বিভিন্ন এলাকায় শুক্রবার হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। হামলাকে ‘বিশেষ অভিযান’ হিসেবে বর্ণনা করেছে জোটটি।

জোটের দাবি, হুদাইদাহ বন্দরে চোরাচালান ও অস্ত্র পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম এবং বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া রাজধানী সানা, সা'দা ও তাইজ প্রদেশেও বিমান হামলা পরিচালনা করা হয়।

হুথিদের পক্ষ থেকে হতাহতের সংখ্যা ৪১ বলে জানানো হলেও নিহতদের পরিচয়, হামলার স্থানভিত্তিক সংখ্যা এবং হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিকের উপস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরিবহনের অভিযোগ

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে বলেন, হুদাইদাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত কার্যক্রম পরিচালনার সক্ষমতা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি আরও জানান, রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, একটি সরবরাহ ডিপোসহ বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে জোট। এসব স্থাপনা হুথিদের সামরিক সক্ষমতা ও অস্ত্র সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে।

তবে হামলায় লক্ষ্যবস্তুগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং জোটের দাবির বিষয়ে স্বাধীনভাবে বিস্তারিত যাচাই করা যায়নি।

সৌদি আরবের বিভিন্ন স্থানে পাল্টা হামলার হুঁশিয়ারি

সৌদি জোটের হামলার আগে হুতিরা হুদাইদাহ বন্দরে আক্রমণ চালানো হলে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিলো। তাদের হুমকির আওতায় ছিলো জেদ্দাসহ লোহিত সাগর উপকূলে সৌদি আরবের অন্যান্য বন্দর।

এ ছাড়া সৌদি আকাশসীমাকে ‘অনিরাপদ’ উল্লেখ করে বিমান সংস্থাগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছিলো গোষ্ঠীটি। সৌদি রাজধানী রিয়াদের আর্থিক এলাকাসহ আল-শুকাইক অঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দেয়া হয়।

অন্যদিকে, জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি পরবর্তী এক পোস্টে জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তার দাবি, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে।

বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার ছবি প্রকাশ

সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর ইয়েমেনের মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি সম্প্রচার করেছে হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। ছবিগুলোতে হামলার ফলে বিদ্যুৎকেন্দ্রটির ক্ষয়ক্ষতির দৃশ্য দেখানো হয়েছে বলে দাবি করা হয়।

হুদাইদাহ বন্দর ইয়েমেনের আমদানি ও মানবিক সহায়তা সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। ফলে বন্দর ও অবকাঠামোকে কেন্দ্র করে নতুন করে হামলা-পাল্টা হামলার পরিস্থিতি তৈরি হলে দেশটির যুদ্ধবিধ্বস্ত জনগোষ্ঠীর ওপর মানবিক সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের
স্বাস্থ্য খাতে প্রায় ১০ হাজার নিয়োগের পরিকল্পনা
জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১
পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা
৮১ বছর বয়সে বুকার জয়, ইতিহাস গড়লেন জন হ্যারিসন
শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, দাবি চতুর্থ স্টেজে
সশস্ত্র বাহিনী দিবস: শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন