৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে পদযাত্রার ঘোষণা
ফের দিল্লির রাজপথে সিজেপি
ভারতের চিকিৎসাবিদ্যা প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার অভিযোগ তুলে ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ৫ সেপ্টেম্বর রাজধানী নয়াদিল্লিতে শান্তিপূর্ণ পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন স্থগিতের চার সপ্তাহের মাথায় নতুন করে এ কর্মসূচি ঘোষণা করলো সিজেপি। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবার এবং পুলিশের নির্যাতনের শিকার ব্যক্তিদের নেতৃত্বে এ পদযাত্রা অনুষ্ঠিত হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে পদযাত্রা শুরু হয়ে দিল্লি পুলিশের সদরদফতরে গিয়ে শেষ হবে। কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সিজেপি জানায়, নিট প্রশ্নপত্র ফাঁসের পর শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়েছিলো। এর মধ্যে ছিলো আন্দোলনের মুখে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রাণ হারানো পরীক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও ধরনের আইনি পদক্ষেপ না নেয়ার সরকারি নিশ্চয়তা।
প্রাথমিকভাবে সরকার এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেছিলো সংগঠনটি। তবে সম্প্রতি অনুষ্ঠিত সিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। এরপরই নতুন করে রাজপথে নামার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, গত ২৫ জুলাই দেশের তরুণদের দেয়া প্রতিশ্রুতিগুলো ভারত সরকার এবং বিজেপি-এনডিএ শাসিত রাজ্যগুলো কতটা বাস্তবায়ন করেছে, তা পর্যালোচনা করা হয়েছে। ওই পর্যালোচনায় তাদের কাছে স্পষ্ট হয়েছে, সরকার বিষয়টি নিয়ে কালক্ষেপণ করছে এবং বিভিন্ন কৌশলে প্রতিশ্রুতিগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
সিজেপির অভিযোগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের বিষয়ে সুপ্রিম কোর্ট তালিকা চেয়েছিলো। কিন্তু সরকার এখনও সে তালিকা সরবরাহ করেনি। একই সঙ্গে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিষয়ে লিখিত নিশ্চয়তা দিতেও সরকারের অনীহা রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
এ অবস্থায় ৫ সেপ্টেম্বরের কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিবার, তরুণ সমাজ ও আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের বিপুলসংখ্যায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। সংগঠনটির দাবি, সরকারের ওপর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ বাড়াতেই শান্তিপূর্ণ এ পদযাত্রার আয়োজন করা হচ্ছে।
সিজেপি চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও নিট আন্দোলনকে ঘিরে পরবর্তী সময়ে সংগঠনটি ভারতের তরুণদের একটি বড় অংশের মধ্যে রাজনৈতিক প্রভাব তৈরি করে। আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে সহায়তা ও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিও সামনে আসে।
এর আগে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র ছাত্র আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। আন্দোলনের সময় বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দিল্লি পুলিশ তাদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে। এতে বহু শিক্ষার্থী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
এখন চার সপ্তাহের বিরতির পর আবারও দিল্লির রাজপথে নামার ঘোষণা দিয়েছে সিজেপি। ৫ সেপ্টেম্বরের কর্মসূচিকে ঘিরে সরকার ও আন্দোলনকারীদের পরবর্তী অবস্থান কী হয়, সেদিকেই নজর থাকবে।
সবার দেশ/কেএম




























