Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২২, ১২ সেপ্টেম্বর ২০২৬

সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি

সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
ছবি: সংগৃহীত

বাব আল-মান্দেব প্রণালি ও লোহিত সাগর দিয়ে আন্তর্জাতিক নৌযান চলাচল স্বাভাবিক থাকলেও সৌদি আরবের জাহাজকে এ জলপথ অতিক্রম করতে বাধা দেয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরব ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত সৌদি পতাকাবাহী বা সৌদি-সংশ্লিষ্ট জাহাজকে এ পথে চলাচলের অনুমতি দেয়া হবে না।

শুক্রবার ১১ সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতির মুখপাত্রের দাবি, সৌদি আরব ছাড়া অন্য আন্তর্জাতিক জাহাজের চলাচলে তারা কোনও বাধা দিচ্ছে না। ফলে সৌদি আরবের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা নেই—এমন বাণিজ্যিক জাহাজগুলোর জন্য লোহিত সাগর ও বাব আল-মান্দেব দিয়ে চলাচলে বড় ধরনের কোনও প্রভাব পড়ার আশঙ্কা আপাতত নেই। তবে সৌদি আরবের জন্য এ সিদ্ধান্ত নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে এ ঘোষণার মধ্যেই সৌদি আরব ইয়েমেনের মোখা শহরে হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। হামলার অন্যতম লক্ষ্য ছিলো হুতিদের নিয়ন্ত্রণে থাকা মোখা বিমানবন্দর।

লোহিত সাগরের পশ্চিম উপকূলীয় বিস্তীর্ণ অঞ্চলে হুতিদের নিয়ন্ত্রণ রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হানিষ ও মায়ুন দ্বীপপুঞ্জও তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি এসব দ্বীপের অবস্থান হওয়ায় সেখান থেকে জলপথে নজরদারি ও নিরাপত্তা তল্লাশি চালানোর সক্ষমতা রয়েছে হুতিদের।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব। লোহিত সাগরের সঙ্গে এ প্রণালি আরব সাগর ও ভারত মহাসাগরের সংযোগ তৈরি করেছে। ফলে এ পথে কোনও দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বা হামলার হুমকি তৈরি হলে তা আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে।

হুতিদের পক্ষ থেকে সৌদি জাহাজকে শুধু বাব আল-মান্দেব ও লোহিত সাগর নয়, আরব সাগরের কাছাকাছি এলাকাতেও চলাচল থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন নির্দেশ অমান্য করে সৌদি জাহাজ চলাচল করলে হামলার ঝুঁকি তৈরি হতে পারে।

হুতিদের হাতে থাকা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতাও এ ক্ষেত্রে বড় উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে। গোষ্ঠীটি তাদের কাছে থাকা ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে একাধিকবার দাবি করেছে। এসব অস্ত্র ভারত মহাসাগর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলেও হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সৌদি আরব ও হুতিদের মধ্যে সামরিক উত্তেজনার নতুন এ পর্যায়ে বাব আল-মান্দেবের নৌপথে সৌদি জাহাজকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা কার্যকর হলে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে লোহিত সাগর ও আশপাশের জলপথে নিরাপত্তা ঝুঁকি বাড়লে আন্তর্জাতিক জাহাজ চলাচল, বীমা ব্যয় এবং পণ্য পরিবহনেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস