হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকায় হুতি বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষে সরকারপন্থী বাহিনীর প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন। গত ৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস ধরে চলা এসব সংঘর্ষে আহত হয়েছেন আরও প্রায় দেড় হাজার সেনা।
ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে নিহত ও আহতের এ সংখ্যা এখনও কোনও নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।
সরকারপন্থী বাহিনীর দাবি, সাম্প্রতিক লড়াইয়ে হুতিদের ক্ষয়ক্ষতি তাদের তুলনায় অনেক বেশি হয়েছে। তবে এ বিষয়ে কোনও নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। একইভাবে হুতিদের হতাহতের দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিকভাবে বিভক্ত ইয়েমেনে সরকারপন্থী বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। পশ্চিম উপকূলের সাম্প্রতিক রক্তক্ষয়ী লড়াই দেশটির চলমান সংকটের পাশাপাশি আঞ্চলিক উত্তেজনাও আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























