প্রাণনাশের হুমকির অভিযোগ ড. মোশাররফের পুত্রবধূ নাইমার
কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ এবং সমাজকর্মী নাইমা খন্দকার প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করেছেন, স্বামী খন্দকার মাহবুব হোসেন তুষার শ্বশুরকে নিয়ে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করার সুযোগে তাকে নানাভাবে হয়রানি ও হুমকি দেয়া হচ্ছে।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে নাইমা খন্দকার দাবি করেন, দাউদকান্দির কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে হুমকি দেয়া হচ্ছে। প্রভাবশালী মহলের ইন্ধনে এসব ঘটনা ঘটছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। যেকোনও সময় তার প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি করা হতে পারে বলেও শঙ্কা জানিয়েছেন তিনি।
তার অভিযোগ, গত ২০ দিন ধরে দাউদকান্দি থানা ও সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েও কোনও কার্যকর প্রতিকার পাননি। পরিবারের কোনও সদস্যের ইন্ধনে এসব ঘটনা ঘটছে কি না, তা-ও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।
নাইমা খন্দকার জে. হুদা ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক ও সচিব এবং জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি নারী ও শিশুদের অধিকার এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
ফেসবুক পোস্টে নাইমা খন্দকার বলেন,
আমি রাজনৈতিক পরিবারের পুত্রবধূ হয়েও যদি নিজের এলাকায় এমন হেনস্তা ও নিরাপত্তাহীনতার শিকার হই, তবে সাধারণ পরিবারের মেয়েদের নিরাপত্তা কোথায়?
অপপ্রচার ও হুমকির পেছনে কারা জড়িত, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কুমিল্লা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তিনি লিখিত অভিযোগ দিতে বলেছেন। পাশাপাশি হুমকির সঙ্গে জড়িত ফেসবুক অ্যাকাউন্টগুলো শনাক্ত করতে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন।
সবার দেশ/কেএম




























