সাভারে ফোনে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকি
সাভারে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ‘উত্তরার জিসান’ পরিচয়ে এক ব্যক্তি ফোন করে মাত্র ২০ মিনিটের মধ্যে টাকা দেয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ করেছেন ছড়াকার নূরুজ্জামান ফিরোজ। টাকা না দিলে ‘রক্ত ঝরবে’ বলেও তাকে হুমকি দেয়া হয়েছে বলে সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে গত ১৩ আগস্ট রাতে সাভার মডেল থানায় অনলাইনে জিডি করেন নূরুজ্জামান ফিরোজ।
জিডির তথ্য অনুযায়ী, ১৩ আগস্ট রাত ৯টা ১৪ মিনিটে নূরুজ্জামান ফিরোজের ব্যবহৃত মোবাইল ফোনে ০১৭৯৭২....১৩ নম্বর থেকে একটি কল আসে। ফোনকারী নিজেকে ‘উত্তরার জিসান’ নামে পরিচয় দেন।
অভিযোগে বলা হয়, ফোনকারী নূরুজ্জামান ফিরোজের কাছে পাঁচ লাখ টাকা অথবা তার কাছাকাছি পরিমাণ অর্থ দাবি করেন। টাকা দেয়ার জন্য তাকে মাত্র ২০ মিনিট সময় বেঁধে দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তার ‘রক্ত ঝরবে’ এবং তাকে শারীরিকভাবে ক্ষতি ও প্রাণনাশ করা হবে বলে হুমকি দেয়া হয়।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন নূরুজ্জামান ফিরোজ। জিডিতে তিনি উল্লেখ করেন, হুমকিদাতা তার অবস্থান বা ব্যক্তিগত কোনও তথ্য জানেন কি না, তা নিয়েও তিনি উদ্বিগ্ন। একই সঙ্গে নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও আশঙ্কার কথা জানান তিনি।
জিডিতে হুমকিদাতার ব্যবহৃত মোবাইল নম্বরের কলের তথ্য ও ব্যবহারকারীর পরিচয় অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানিয়েছেন তিনি।
সাভার মডেল থানায় করা অনলাইন জিডির তথ্য অনুযায়ী, জিডিটির সিরিয়াল নম্বর ১ এবং জিডি ট্র্যাকিং নম্বর OJA8K7।
জানা গেছে, হুমকির পর ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে আবারও ওই নম্বর থেকে ভুক্তভোগীকে একাধিকবার ফোন করা হয়েছে বলে জানা যায়।
জিডির তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার মো. আল আমীন বলেন, বিষয়টি তিনি অবগত আছেন এবং ভুক্তভোগীর সঙ্গে তার কথা হয়েছে। অভিযুক্তের ব্যবহৃত মোবাইল নম্বরটি ইতোমধ্যে ট্র্যাকিংয়ে দেয়া হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে নম্বরটি ফেইক বলে মনে হচ্ছে। এ ছাড়া নম্বরটির রেডিও লোকেশনও পাওয়া যাচ্ছে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পরে ভুক্তভোগীকে ওই নম্বর থেকে আবারও একাধিকবার ফোন দেয়ার বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, বিষয়টি তার জানা নেই। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে হুমকিদাতাকে শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে।
সবার দেশ/কেএম




























