নিষিদ্ধ আ.লীগকে তথ্য সরবরাহের অভিযোগ এসপির বিরুদ্ধে
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রামের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে জানতে এসপি জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম জানান, মঙ্গলবার জাহাংগীর আলমকে ডাকা হলেও বিষয়টিকে জিজ্ঞাসাবাদ বলা যাবে না। তার কাছ থেকে জব্দ করা দুটি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্তের ভিত্তিতে প্রতিবেদন দেওয়া হবে।
চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সূত্রের বরাতে জানা গেছে, ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর তার ব্যবহৃত ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন পরীক্ষা করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জাহাংগীর আলমের মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানতে পেরেছেন। এ বিষয়ে তাকে ডাকার পর প্রয়োজনীয় কথা বলে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি দাপ্তরিক দায়িত্ব পালন করছেন। তবে পুলিশের নজরদারিতে রয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এসপি মোহাম্মদ জাহাংগীর আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ জাহাংগীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন।
তদন্ত কমিটির প্রতিবেদন ও মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরবর্তী পদক্ষেপ। তবে এখন পর্যন্ত অভিযোগের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানায়নি পুলিশ।
সবার দেশ/এফও




























