Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৩১, ১৮ অক্টোবর ২০২৬

আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু

আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের আগরতলা থেকে কোলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি উড়োজাহাজ। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ ভারতীয় নারী অঞ্জনা ভৌমিককে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যাত্রীতালিকা অনুযায়ী, নিহত অঞ্জনা ভৌমিক ভারতীয় নাগরিক। তার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তাদের সবার জাতীয়তা ভারতীয় বলে যাত্রীতালিকায় উল্লেখ রয়েছে।

উড়োজাহাজটির যাত্রীতালিকায় আরও বলা হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিলো ভারতের এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ। এটি আগরতলা থেকে কোলকাতার উদ্দেশে যাত্রা করেছিলো।

উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।

জানা গেছে, যাত্রাপথে মাঝ আকাশে উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ার পর নিরাপত্তার কথা বিবেচনা করে পাইলট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর অসুস্থ নারীকে দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে উড়োজাহাজটির দরজা কী কারণে খুলে গিয়েছিলো, এ ঘটনায় যাত্রী ও ক্রুদের কেউ আহত হয়েছেন কি না এবং অঞ্জনা ভৌমিকের মৃত্যুর প্রকৃত কারণ কী—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা