Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৭, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ০১:৩৮, ১৩ নভেম্বর ২০২৬

নুসরাতের বাড়িতে আগুন পেট্রলবোমায় নয়, শর্টসার্কিটের শঙ্কা: স্বরাষ্ট্রমন্ত্রী

নুসরাতের বাড়িতে আগুন পেট্রলবোমায় নয়, শর্টসার্কিটের শঙ্কা: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে পুরোনো বৈদ্যুতিক সংযোগের দুর্বলতার কারণে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তোলা অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

ঘটনার বিবরণ দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। বাড়িটি সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আগুন লাগা টিনশেড ঘরটি অনেকটা পরিত্যক্ত ও জনশূন্য ছিলো। এর প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে নুসরাতের বাবা-মা বসবাস করেন। টিনশেড ঘরটিতে কেউ বসবাস করতেন না। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিলো। আগুনে ছাগল দুটি মারা গেছে।

প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই পাশের ফায়ার সার্ভিস স্টেশন থেকে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা নিশ্চিত হতে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্ত কার্যক্রম চলছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। একজন সংসদ সদস্যের বাড়িতে এ ঘটনা ঘটায় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলেও উল্লেখ করেন তিনি।

সংসদে বিজিবির প্রাথমিক তদন্ত প্রতিবেদন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলের আলামত পরীক্ষা এবং স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিক মূল্যায়ন করা হয়েছে। এতে পেট্রলবোমা বিস্ফোরণের মতো কোনও শব্দ শোনার তথ্য পাওয়া যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রলবোমার কোনও চিহ্ন মেলেনি। এ ছাড়া কোনও প্রত্যক্ষদর্শীও পেট্রলবোমা নিক্ষেপের বিষয়ে তথ্য দেননি।

তিনি বলেন, ঘটনাস্থলের দেয়ালসহ বিভিন্ন স্থানের ছবি, অডিও ও ভিডিও সংগ্রহ করা হয়েছে। এসব আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাড়িটির পুরোনো ও দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

তবে এ ধারণাকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা না করার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষায়, এটি প্রাথমিক তদন্তের ভিত্তিতে পাওয়া অনুমান। পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলেই আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।

এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৭০৩, তারিখ ১২ নভেম্বর) নথিভুক্ত হয়েছে বলেও সংসদকে জানান তিনি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অধিকতর তদন্তে যদি কারও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর