ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লাহোরের জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে আটক করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসনের দাবি, জনসমাগমস্থলে তার উপস্থিতি জননিরাপত্তার জন্য ‘গুরুতর হুমকি’ সৃষ্টি করতে পারে।
ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে পিটিআই। দলটির নেতারা জানিয়েছেন, কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটাতে দেশজুড়ে প্রস্তুতি নেয়া হচ্ছে।
এ কর্মসূচিকে ঘিরে এরই মধ্যে সতর্ক অবস্থান নিয়েছে পাকিস্তান সরকার। শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেছেন, বিক্ষোভ মিছিল ঠেকাতে সরকার প্রয়োজনীয় ‘সম্ভব সবকিছু’ করবে।
আলিমা খানের গ্রেফতারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি। তিনি ঘটনাটিকে ‘চরম নিন্দনীয়’ আখ্যা দিয়ে বলেন, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে ঘিরে সরকারের উদ্বেগ ও আশঙ্কারই প্রতিফলন আলিমা খানের গ্রেফতার।
ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন। তাকে মুক্তির দাবিতে পিটিআইয়ের ঘোষিত ২৭ সেপ্টেম্বরের কর্মসূচির আগে তার বোনকে গ্রেফতারের ঘটনা পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সবার দেশ/কেএম




























