সংসদে আবেগঘন বক্তব্যে হুমাম কাদের চৌধুরী
‘আমার বাবাকে মিথ্যা মামলায় হ’ত্যা করা হয়’
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নিজের জীবনের কঠিন সংগ্রাম এবং বাবার স্মৃতিচারণ করে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি তার সংসদ সদস্য হওয়ার প্রেক্ষাপট এবং বিগত সরকারের আমলের নির্যাতনের বর্ণনা দেন।
সংসদ অধিবেশনে দেয়া বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, আমার আজ এখানে থাকার কথা ছিলো না। আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে। মূলত সে কারণেই এবং আল্লাহর অশেষ রহমতে আমি আজ এ সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি।
নিজের নিখোঁজ থাকার সে ভয়ংকর দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠ থেকে আজ এ জাতীয় সংসদ পর্যন্ত আসাটা আমার জীবনের এক দীর্ঘ ও কঠিন পথ। যে মানুষটি টানা ৭ মাস আয়নাঘরের মতো গোপন বন্দিশালায় আটকে ছিলো, সে অন্তত মিথ্যা বলবে না।
গুমের শিকার হওয়া ব্যক্তিদের কষ্ট নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারেন উল্লেখ করে তিনি আরও বলেন, গুম প্রতিরোধে বর্তমান সরকার যে নতুন আইনটি করতে যাচ্ছে, তা যেনো আরও শক্তিশালী ও কার্যকর হয়। আমার অভিজ্ঞতা থেকেই আমি এ দাবি জানাচ্ছি।
দেশের মানুষের উদ্দেশে হুমাম কাদের চৌধুরী বলেন, আপনারা বর্তমান সরকারের ওপর পূর্ণ আস্থা রাখুন। গুম, অপহরণ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনার পুনরাবৃত্তি রোধে এ সরকার শতভাগ বদ্ধপরিকর।
এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদ অধিবেশন পুনরায় শুরু হয়। হুমাম কাদের চৌধুরীর এ বক্তব্য সংসদে উপস্থিত অন্য সদস্যদের মাঝেও বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।
সবার দেশ/কেএম




























