নাশকতার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি
দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ সদর দফতর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেয়া হয়।
বার্তায় বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনকে লক্ষ্য করে নাশকতার চেষ্টা করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের পরিপ্রেক্ষিতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। বিশেষ করে দায়িত্ব পালনের সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
এতে আরও বলা হয়, ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং সার্বক্ষণিক পুলিশ সদস্যদের নজরদারির আওতায় রাখতে হবে। কোনও অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন ফেলে রাখা যাবে না। অর্থাৎ, কোনও পুলিশি যানবাহনকে আনঅ্যাটেন্ডেড অবস্থায় রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এ ছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড বা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তা আরও জোরদার করতে বলা হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, নিবিড় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ সদর দফতর বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
সবার দেশ/কেএম




























