ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনও নির্ধারণ হয়নি। সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা হাতে পাওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা চেয়ে ইতোমধ্যে সংসদ সচিবালয়ে অনুরোধ পাঠানো হয়েছে। সে তালিকা পাওয়ার পর কমিশন নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করবে।
নির্বাচনের সময়সীমা সম্পর্কে আখতার আহমেদ বলেন, সাধারণত তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত প্রায় ৪৫ দিনের ব্যবধান রাখা হয়। ভোটার তালিকা হালনাগাদ, লজিস্টিক প্রস্তুতি এবং অন্যান্য আনুষ্ঠানিকতা বিবেচনায় রেখে ‘ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন’ বা উল্টো হিসাবের মাধ্যমে পুরো সময়সূচি নির্ধারণ করা হয়।
তিনি জানান, নির্বাচন আয়োজনের জন্য কমিশনের প্রয়োজনীয় সরঞ্জাম ও ভোটকেন্দ্র প্রস্তুত রয়েছে। প্রয়োজনে ভোটার তালিকা হালনাগাদের কাট-অফ সময়ও বাড়ানো হতে পারে। ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম শুরু করা যাবে—এমন প্রস্তুতি কমিশনের রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি ও সংশ্লিষ্ট আইন সংশোধনের জন্য কিছু প্রস্তাব তৈরি করা হয়েছে। এসব প্রস্তাবে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপি সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। শিগগিরই খসড়াটি আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্ত কোনও সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে কমিশনের কাজ চলমান রয়েছে।
রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক অডিট রিপোর্ট জমা দেয়ার শেষ সময় ছিলো ৩১ জুলাই। তবে দিনটি শুক্রবার হওয়ায় ২ আগস্ট পর্যন্ত রিপোর্ট গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে এবং আটটি দল কোনও ধরনের সাড়া দেয়নি। যারা নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দেয়নি এবং কোনও আবেদনও করেনি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী নোটিশ জারি করা হবে বলে জানান ইসি সচিব।
সবার দেশ/কেএম




























