Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন

সংযম ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার 

সংযম ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার 
ফাইল ছবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহিমান্বিত শিক্ষায় সমৃদ্ধ রমজান মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও নৈতিকতার বার্তা নিয়ে আসে। এ মাস কেবল ধর্মীয় আচার পালনের সময় নয়, বরং ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনার এক অনন্য সুযোগ।

তিনি উল্লেখ করেন, সিয়াম সাধনা, দান-সদকা এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি রমজান মানুষে মানুষে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভ এবং ক্ষমা প্রার্থনার এ মাস প্রত্যেকের জন্য আত্মসমালোচনা ও আত্মসংযমের এক বিশেষ সময়।

ড. ইউনূস বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে। ইবাদতের পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও মানবিকতা চর্চার মাধ্যমে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানান তিনি। বিশেষ করে দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানের পবিত্র শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করতে হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মের মাধ্যমে আত্মশুদ্ধির চর্চা করতে হবে এবং রমজানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে।

বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার নেক আমল কবুল হওয়ার প্রার্থনা করেন। একইসঙ্গে আল্লাহ তায়ালার নিকট ক্ষমা ও হেফাজত কামনা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য