জামায়াতের ৯, শরিকদের ৩—এমপি হচ্ছেন যারা
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ইনসাফ
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বণ্টনে জোটের ভেতরে ‘ইনসাফ’ নিশ্চিত করার কৌশল নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জোটের প্রাপ্ত ৭৭টি সাধারণ আসনের বিপরীতে মোট ১৩টি সংরক্ষিত নারী আসন পাওয়ার কথা থাকলেও, তার মধ্যে ৩টি আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দিচ্ছে জামায়াত।
দলীয় হিসাব অনুযায়ী, এককভাবে ৬৮টি আসনের বিপরীতে জামায়াতের প্রাপ্য ছিলো ১২টি সংরক্ষিত আসন। তবে জোটগত সমন্বয় ও অংশীদারিত্ব বজায় রাখতে তারা নিজেরা নিচ্ছে ৯টি আসন, আর বাকি ৩টি দিচ্ছে শরিক দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিস-কে।
জোটের লিয়াজোঁ কমিটির সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জামায়াতের চূড়ান্ত তালিকায় থাকা ৯ জনের মধ্যে রয়েছেন—মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলু। এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ ও প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রাখা হয়েছে। তালিকায় রয়েছেন জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগমও।
শরিক দলগুলোর কোটায় মনোনয়ন পেয়েছেন জাগপার সভাপতি তাসমিয়া প্রধান, এনসিপির নেত্রী ডা. মাহমুদা মিতু এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা করিম।
দলের আমির আল্লামা মামুনুল হক এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, এনসিপি তাদের প্রাপ্ত ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। এ আসনের জন্য দলের যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের নাম চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, প্রার্থী বাছাইয়ে দলের ভেতরে যাচাই-বাছাই ও আলোচনা প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। কোনও ব্যক্তিগত কোটা রাখা হয়নি। এমনকি বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান-এর স্ত্রী পূর্বে এমপি থাকলেও এবার তাকে মনোনয়ন দেয়া হয়নি।
যোগ্যতার বিচারে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন মীর কাসেম আলির মেয়ে সুমাইয়া। কারণ হিসেবে জানা গেছে, তার ভাই ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমান বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা আগামী ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এতে দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের তিনজন প্রার্থীও অন্তর্ভুক্ত থাকবেন।
সবার দেশ/কেএম




























