মিরপুরে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন
রাজধানীর বারিধারার নতুন বাজারের পর এবার পল্লবীর মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মেট্রো স্টেশনের পাশে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
জানা গেছে, দুর্বৃত্তরা বিহঙ্গ পরিবহনের বাসটির পেছনের অংশে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের চালক ও সহকারী দ্রুত তা নিভিয়ে ফেলেন। এতে বাসটির কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়।
এর আগে শুক্রবার রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সবার দেশ/কেএম




























