অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা লক্ষ করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের বাসনা ছিলো, যে যেখানে যাবে, সেখানেই যেনো চিরস্থায়ী হতে পারে। সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা হয়েছিলো বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন,
যমুনার অন্দরে এক দল, যমুনার কিনারে ছিলো আরেক দল। সমস্ত কিছু দখল করে, সংস্কার-বিচারের কথা বলে তাদের লক্ষ্য ছিলো নির্বাচনকে পিছিয়ে দেয়া। তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা ও সমঝোতা ছিলো না।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়নি। এর পেছনে দীর্ঘদিনের ত্যাগ, নির্যাতন ও সংগ্রামের ইতিহাস রয়েছে। ইলিয়াস এখনো ফিরে আসেননি। গুমের শিকার যারা এখনো নিখোঁজ, তাদের পরিবার জানে ২০২৪ সাল পর্যন্ত পৌঁছাতে কত ত্যাগ-তিতিক্ষা সহ্য করতে হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যেমন কোনও একক ব্যক্তির কৃতিত্ব নয়, তেমনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানও কারও একার অর্জন নয়। এ আন্দোলনের পেছনে বহু মানুষের অবদান ও আত্মত্যাগ রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ যদি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের একক মালিকানা দাবি করতে থাকেন, তাহলে শেষ পর্যন্ত কারও মালিকানাই থাকবে না। যারা চব্বিশের আন্দোলনের একক মালিকানা দাবি করছেন, তাদের এ ধরনের রাজনীতি নতুন প্রজন্মের রাজনৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করবে। তাদের রাজনীতি নবীনই থেকে যাবে, কখনও বড় হতে পারবে না।
তিনি আরও বলেন, যারা ইতিহাস জানে না, তাদের সঙ্গে তর্ক করা আহাম্মকের কাজ।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের রাজনৈতিক পক্ষপাতিত্বের প্রয়োজন নেই। সিভিল সার্ভিসের কর্মকর্তাদের প্রধান দায়িত্ব দেশসেবা করা। রাজনৈতিক চাপ, লোভ কিংবা ভয়ের কাছে নতি স্বীকার করে দায়িত্ব পালন করা উচিত নয়।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক চাপ, লোভ ও ভয়ের কারণে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যেসব কর্মকর্তা ভূমিকা রেখেছিলেন, তাদের কর্মকাণ্ডের ফলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের আরও এক-দুটি নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের নির্বাচনব্যবস্থা আরও বিশুদ্ধ হয়ে উঠবে। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থার সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সে সরকার, যারা পাঁচ বছর পরপর ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হওয়ার প্রত্যয় রাখি। কারণ, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কোনও সরকার চিরস্থায়ী নয়। ৫১ ভাগ মানুষ যেখানে যাবে, তারাই সরকার হবে।
গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটের মাধ্যমে নিয়মিত সরকার পরিবর্তনের সুযোগ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের রায়ই চূড়ান্ত হওয়া উচিত।
সবার দেশ/কেএম




























