বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের শাসনপদ্ধতির দিকেই এগোচ্ছে। পুলিশ ও বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সোমবার (২৫ মে) বিকেল ৬টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী–এর ওপর হামলার ঘটনার পর সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান সরকার পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে। স্বাধীন বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপ শুরু হয়েছে। জেলা আদালতে কী রায় হবে, কে জামিন পাবে—সবকিছু ঢাকা থেকে রিমোট কন্ট্রোলের মতো পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, আইনমন্ত্রীর জেলা ঝিনাইদহ। দুঃখজনকভাবে সেখানেই আজ আইন ও আদালত একটি বিশেষ মহলের নিয়ন্ত্রণে চলে গেছে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা ভেবেছিলাম পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি সরকারের দলীয় সমর্থকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। এটি অত্যন্ত লজ্জাজনক।
ক্ষোভ প্রকাশ করে এনসিপির এ নেতা বলেন, আওয়ামী লীগ যেভাবে বিচারব্যবস্থা, আদালত ও পুলিশকে দলীয় হাতিয়ার বানিয়েছিল, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। আওয়ামী লীগ এসব কারণেই জনরোষে পড়ে বিদায় নিয়েছে। এ সরকারও যদি সে পথ অনুসরণ করে, তাহলে জনগণ তা মেনে নেবে না।
তিনি আরও বলেন, জেল-জুলুম আর নির্যাতন চালিয়ে মানুষকে চুপ করিয়ে রাখা যাবে না।
রাজনৈতিক বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন,
আজ আমরা—বিএনপি, এনসিপি, জামায়াত—একে অপরের বিরুদ্ধে লড়ছি। আর ভারতে বসে আওয়ামী লীগ হাসছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর এ পরিস্থিতি হওয়ার কথা ছিলো না।
সংবাদ সম্মেলন শেষে পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, মুখ্য সমন্বয়ক রিফাত রশিদসহ স্থানীয় নেতারা।
উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপি ও ছাত্রদলের পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়।
ছাত্রদলের দায়ের করা মামলায় রোববার গ্রেফতার হন তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খান। পরে সোমবার সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করেন। তবে একই মামলায় অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
সবার দেশ/কেএম




























