Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ২৮ জুলাই ২০২৬

আওয়ামী লীগের পথেই ভোট ইঞ্জিনিয়ারিং করছে বিএনপি: হাসনাত

আওয়ামী লীগের পথেই ভোট ইঞ্জিনিয়ারিং করছে বিএনপি: হাসনাত
ছবি: সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের মতো বিএনপিও নির্বাচনে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির নীলনকশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তা মোড়ে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক বসিয়ে নিরপেক্ষতা নষ্ট করা হচ্ছে। জনগণ যাদের লাল কার্ড দেখিয়ে প্রত্যাখ্যান করেছে, বিএনপি ক্ষমতায় এসে তাদেরই বিভিন্ন দফতরে প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছে।

তিনি বলেন, অতীতে যেভাবে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে, সে সংস্কৃতির পুনরাবৃত্তি যেনো না ঘটে। এজন্য নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে দলীয় প্রভাবমুক্ত রাখার দাবি জানান তিনি।

প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, পুলিশ, প্রশাসন ও গণমাধ্যমকে কোনও রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করে জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে আইন অনুযায়ী কাজ করার আহ্বান জানান।

এ সময় তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবে রূপ দিতে রাষ্ট্রের মৌলিক সংস্কার অপরিহার্য। সুশাসন, জবাবদিহি ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সংস্কার প্রস্তাবের ওপর গণভোট আয়োজনের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভায় জানানো হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে এনসিপি। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের নাম ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভা পরিচালনা করেন জেলা সদস্যসচিব আনাসগীর হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মো. আলী রুকনুদ্দীন যতন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, মুসাব্বির আহমদ, তানভীর সওয়ার শুভ্রসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ: