Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ৮ জুন ২০২৬

আপডেট: ০০:০৭, ৮ জুন ২০২৬

গুম-খুনের ‘সম্মতি উৎপাদনকারীদের’ বিরুদ্ধে কী ব্যবস্থা?— প্রশ্ন হাসনাতের

গুম-খুনের ‘সম্মতি উৎপাদনকারীদের’ বিরুদ্ধে কী ব্যবস্থা?— প্রশ্ন হাসনাতের
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিক পরিচয়ে যারা গণহত্যা, ভোট চুরি, গুম, খুন ও আর্থিক অনিয়মের পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কী ধরনের আইনি ব্যবস্থা নেবে—সে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার (৭ জুন) জাতীয় সংসদে সম্পূরক প্রশ্ন উত্থাপন করে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী কিংবা সরকারি চাকরিজীবী—কেউই আইনের ঊর্ধ্বে নন। কেউ আইনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘ ১৭ বছরের বেশি সময় দেশে স্বাধীনভাবে সাংবাদিকতা করা অত্যন্ত কঠিন ছিলো। তবে সে প্রতিকূল সময়েও অনেক পেশাদার সাংবাদিক দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ আমলে কিছু গণমাধ্যম ও সাংবাদিক গণহত্যা, ভোট কারচুপি, গুম, খুন এবং ব্যাংক লুটপাটের মতো ঘটনাগুলোর পক্ষে জনমত তৈরির চেষ্টা করেছেন। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

হাসনাত আরও অভিযোগ করেন, অতীতে বিতর্কিত ভূমিকা রাখা কিছু সাংবাদিককে বিভিন্ন গণমাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে। তিনি কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ করে বলেন, এসব প্রতিষ্ঠানের কিছু কর্মকাণ্ড এখনও আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রাখছে বলে তার অভিযোগ রয়েছে।

সংসদ সদস্যের প্রশ্ন ছিলো, যেসব সাংবাদিক ও গণমাধ্যম গুম, খুন, ভোট চুরি কিংবা রাজনৈতিক সহিংসতার পক্ষে বৈধতা বা সমর্থনের পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেয়া হয়েছে কি না এবং ভবিষ্যতে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে।

জবাবে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। তবে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা বা সন্ত্রাসকে উৎসাহিত করার মতো কোনও কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, যারা গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবে, সে যে-ই হোক না কেনো, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় সরকারি দলের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংবাদিক পরিচয়ের অপব্যবহারের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, অনেক ব্যক্তি সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতা ছাড়াই বিভিন্ন পরিচয়পত্র ব্যবহার করে নিজেদের সাংবাদিক দাবি করছেন এবং সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের তথ্য প্রচার করছেন।

জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার মিসইনফরমেশন (ভুল তথ্য) ও ডিসইনফরমেশন (অপতথ্য) মোকাবিলায় কাজ করছে। নিবন্ধিত সাংবাদিক নন—এমন ব্যক্তিদের সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়গুলো পর্যবেক্ষণে একটি বিশেষ টিম কাজ করছে। প্রয়োজনে তাদের আইনের আওতায় আনার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নতুন অনলাইন পোর্টাল ও ডিজিটাল গণমাধ্যমের অনুমোদনের জন্য একটি নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। ভবিষ্যতে ওই নীতিমালার আওতায় সব অনলাইন সংবাদমাধ্যমকে অনুমোদন দেয়া হবে।

অন্যদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার মনির লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, বর্তমানে ঢাকা থেকে ৫৮৫টি দৈনিক, ৩৬৩টি সাপ্তাহিক এবং ২৯৬টি মাসিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে সরকারি মিডিয়া তালিকাভুক্ত রয়েছে ২৮৮টি দৈনিক, ৫৬টি সাপ্তাহিক এবং ২৩টি মাসিক পত্রিকা।

সবার দেশ/কেএম।

শীর্ষ সংবাদ:

ব্যালন ডি’অর দৌড়ে কারা এগিয়ে?
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি
৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু
প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার
ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
একদিন পুলিশ বানিয়ে দিন, পিটিয়ে সোজা করে দেবো-হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?