বাড়ছে সংক্রমণ
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে, একই সময়ে উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (৫ এপ্রিল) সংস্থাটির স্বাস্থ্যবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশের পরিস্থিতি বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফরের তথ্য অনুযায়ী, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনের একজন ঢাকা বিভাগে এবং অন্যজন ময়মনসিংহ বিভাগে। এছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ৫৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। আর সন্দেহজনক রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন ৯৭৪ জন।
গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সার্বিক চিত্র আরও উদ্বেগজনক। এ সময়ে সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জনে। পাশাপাশি সন্দেহজনক রোগীর সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৪৭০ জনে।
তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৩৮০ জন রোগী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শিশুদের বিশেষভাবে ঝুঁকিতে থাকায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সবার দেশ/কেএম




























