গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদ-রকেট, ভোগান্তিতে গ্রাহক
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহক ও ব্যবসায়ীরা। বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা পাঠানো এবং উত্তোলনে সমস্যার কারণে স্বাভাবিক লেনদেন কার্যত ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে কিংবা নিজের হিসাব থেকে টাকা তুলতে না পেরে বৃহস্পতিবার দিনভর বিভিন্ন এজেন্ট পয়েন্টে ঘুরেও ফিরে যেতে হয়েছে অনেক গ্রাহককে। কোথাও কোথাও লেনদেন বন্ধ থাকায় দোকানপাটও বন্ধ রাখতে হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে ৯৭টি হিসাব বন্ধ করা হয়েছে। তবে এ ৯৭টি হিসাবের বাইরেও বিপুলসংখ্যক গ্রাহকের হিসাব সাময়িকভাবে ব্লক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে পুরো জেলাতেই মোবাইল আর্থিক সেবার স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
বিশেষ করে দৈনন্দিন কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, পরিবারের খরচ এবং বিভিন্ন জরুরি প্রয়োজনে মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। অনেক গ্রাহকের হিসাবে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত আটকে থাকার অভিযোগ পাওয়া গেছে।
গ্রাহকদের অভিযোগ, গত বুধবার রাত থেকেই মোবাইল ব্যাংকিং হিসাব সাময়িকভাবে বন্ধের বিষয়ে বার্তা পাঠানো শুরু হয়। বৃহস্পতিবার দিনভর এ কার্যক্রম অব্যাহত ছিলো। কোনও ধরনের আগাম সতর্কতা বা বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই হিসাব বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
তাদের ভাষ্য, বর্তমানে মোবাইল ব্যাংকিং শুধু টাকা পাঠানো বা তোলার মাধ্যম নয়, বরং দৈনন্দিন আর্থিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ। তাই সন্দেহজনক লেনদেনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি সাধারণ গ্রাহকদের জরুরি লেনদেন সচল রাখার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বিকাশের করপোরেট যোগাযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) বিধিমালা অনুযায়ী কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় তদন্ত শেষে সংশ্লিষ্ট হিসাব চালু করা হবে, নাকি বন্ধ রাখা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
অন্যদিকে নগদের মুখপাত্র জাহিদুল ইসলাম সজল বলেন, কোনও নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করা হচ্ছে, এমন তথ্য তাদের কাছে নেই। নগদ কোনও এলাকার সেবা বন্ধ করেনি। প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত ব্যবস্থায় নির্দিষ্ট কোনও এলাকা চিহ্নিত করে সেবা বন্ধ করার সুযোগও নেই।
তিনি বলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে কোনও সন্দেহজনক লেনদেনের তথ্য গেলে নিয়মিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হিসাবের বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়। কোনও গ্রাহকের নম্বরে সন্দেহজনক লেনদেন পাওয়া গেলে বিএফআইইউর নির্দেশনায় তার হিসাব বন্ধ হতে পারে। এ ক্ষেত্রে গ্রাহকের বাড়ি গোপালগঞ্জ, ফরিদপুর নাকি ঢাকায়, তা বিবেচ্য নয়।
জাহিদুল ইসলাম সজল আরও বলেন, হিসাব খোলার সময় গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নেয়া হলেও তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন কিংবা কোন এলাকায় তার মোবাইল নম্বর ব্যবহার হচ্ছে, তা এমএফএস প্রতিষ্ঠানের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
তবে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে নির্দিষ্ট কোনও জেলার সেবা বন্ধ না করার কথা বলা হলেও গোপালগঞ্জের অনেক গ্রাহক গত বুধবার রাত থেকে হিসাব সাময়িকভাবে বন্ধের বার্তা পেয়েছেন। বিকাশের পক্ষ থেকে পাঠানো একটি বার্তায় বলা হয়েছে, ‘স্যার/ম্যাডাম এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এ মুহূর্তে এ বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপালগঞ্জে বিকাশের প্রায় এক হাজার ৪০০ এজেন্ট এবং নগদের এক হাজার ৭৫০ এজেন্ট রয়েছেন। উপায় ও রকেটের গ্রাহক তুলনামূলক কম। এসব এজেন্টের মাধ্যমে জেলার পাঁচ উপজেলায় প্রতিদিন অন্তত ২০ কোটি টাকার লেনদেন হয়। ফলে মোবাইল ব্যাংকিং কার্যক্রমে বিঘ্ন ঘটায় জেলার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রভাব পড়ছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ শহরের মুন্সি মার্কেটের তৃতীয় তলায় বিকাশের ডিস্ট্রিবিউশন হাউস খোলা দেখা যায়। সেখানে ক্যাশ কাউন্টারে লেনদেন চলছিল। ডিস্ট্রিবিউশন হাউসটির প্রধান শেখ মুজাহিদুল ইসলাম বলেন, গোপালগঞ্জ জেলায় সরকারের পক্ষ থেকে মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ জন্য ডিলার, এজেন্ট কিংবা সংশ্লিষ্ট কোম্পানিকে দায়ী করা যাবে না।
তিনি বলেন, এটি স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। তবে এরই মধ্যে অনেক গ্রাহকের টাকা আটকে গেছে। লেনদেন করতে না পারায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। এক দিন ব্যবসা বন্ধ থাকলেও অনেকের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়। তার ধারণা, চলমান আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখা হয়ে থাকতে পারে। আন্দোলনের পরিস্থিতি ছোট পরিসরে থাকলে দ্রুত সেবা চালু হতে পারে। আর পরিস্থিতি বড় আকার ধারণ করলে সেবা চালু হতে কিছুটা সময় লাগতে পারে।
বিকাশের আঞ্চলিক ব্যবস্থাপক মারুফ হাসান সজিব বলেন, কোনও এজেন্টের হিসাব বন্ধ করা হয়নি। তবে গোপালগঞ্জের এনআইডি দিয়ে খোলা অনেক হিসাবের লেনদেনে সমস্যা দেখা দিয়েছে। যেসব হিসাবে ঘন ঘন বড় অঙ্কের লেনদেন হয়, সেগুলো নজরদারিতে রাখা হয়েছে। এ কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি জানান, বৃহস্পতিবার বিকাশের ডিস্ট্রিবিউশন হাউস থেকে এজেন্টদের কোনও টাকা সরবরাহ করা হয়নি।
রকেটের আঞ্চলিক ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, হিসাব বন্ধ রাখার বিষয়ে তারা সরকারি কোনও সিদ্ধান্ত পাননি। তবে গ্রাহকদের কাছ থেকে হিসাব বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ পেয়েছেন।
এদিকে বৃহস্পতিবার বিকেলে শহরের বড় বাজারের আলিয়া মাদ্রাসা মোড়, নতুন বাজার, ফলপট্টি ও মাছ বাজার এলাকার মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্টগুলোতে গিয়ে গ্রাহকদের ভোগান্তির চিত্র দেখা যায়। টাকা পাঠাতে ও তুলতে না পেরে অনেকেই হতাশ হয়ে ফিরে যান। পরিবারের মাসিক খরচ, জরুরি চিকিৎসা, পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ এবং কৃষিকাজের প্রয়োজনীয় অর্থ পাঠাতে না পেরে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমীর বিশ্বাস বলেন, মাসের শেষ হওয়ায় হাতে টাকা নেই। আগামী ডিসেম্বর মাসে বেতন পাবেন। তার বিকাশ হিসাবে সাড়ে পাঁচ হাজার টাকা ছিলো। বুধবার রাতে হিসাব বন্ধ করে দেয়ায় এখন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও ধারদেনা করতে হচ্ছে।
তিনি বলেন, সাধারণ মানুষ প্রতিদিনের প্রয়োজন মেটাতে মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভর করেন। তাই নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হলেও সাধারণ গ্রাহকদের জরুরি লেনদেন চালু রাখার ব্যবস্থা করা উচিত।
শহরের মাদ্রাসা রোডের ক্ষুদ্র ব্যবসায়ী সালাহউদ্দিন মোল্যা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে বার্তা পাঠিয়ে তার বিকাশ হিসাব বন্ধ করে দেয়া হয়েছে। এরপর থেকে কোনও লেনদেন করতে পারছেন না। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরের দুই দিনও লকডাউন থাকায় কবে আবার লেনদেন করতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।
তামান্না পারভীন নামে এক নারী বলেন, তার ছেলে রাজশাহীতে পড়াশোনা করে। ছেলের পড়াশোনা ও ব্যক্তিগত খরচের জন্য নিয়মিত বিকাশে টাকা পাঠাতে হয়। কিন্তু সেবা বন্ধ থাকায় এবার ছেলের কাছে টাকা পাঠাতে পারছেন না।
শহরের বিকাশ এজেন্ট তিন্নি স্টোরের স্বত্বাধিকারী তাজুল ইসলাম মোল্লা বলেন, তার দোকানে প্রতিদিন অন্তত ১৫০ জন গ্রাহক টাকা লেনদেন করেন। তাদের বেশির ভাগই বিকাশ ব্যবহারকারী। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ১০০ জন গ্রাহক এলেও মাত্র ১০ জন লেনদেন করতে পেরেছেন। ওই ১০ জনের সবাই অন্য জেলার বাসিন্দা।
এ পরিস্থিতিতে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ করে দেয়া কোনোভাবেই ঠিক হয়নি। এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। সন্দেহজনক লেনদেনের সঙ্গে জড়িত ব্যক্তিদের হিসাব বন্ধ করা হলে আপত্তি নেই। কিন্তু যাচাই-বাছাই ছাড়াই ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের হিসাব বন্ধ হয়ে গেলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
তিনি বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জেলার অসংখ্য মানুষ প্রতিদিনের আর্থিক লেনদেন পরিচালনা করেন। এ সেবা ব্যাহত হওয়ায় ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে ব্যক্তিগত প্রয়োজনেও সংকট তৈরি হয়েছে। তাই প্রকৃত সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিরপরাধ গ্রাহকদের হিসাব দ্রুত সচল করা প্রয়োজন।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
সব মিলিয়ে সন্দেহজনক লেনদেন নিয়ন্ত্রণের উদ্যোগের মধ্যে সাধারণ গ্রাহকদের হিসাব বন্ধ হয়ে যাওয়ায় গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আটকে থাকা অর্থ উত্তোলন এবং স্বাভাবিক লেনদেন চালুর অপেক্ষায় রয়েছেন হাজারো গ্রাহক ও ব্যবসায়ী।
সবার দেশ/কেএম




























