নির্বাচনী এলাকায় যেতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর
এলাকার উন্নয়ন তদারকি ও নেতাকর্মীদের পাশে থাকার তাগিদ। জাতীয় ও দলীয় কর্মসূচি নিয়েও সংসদীয় দলের বৈঠকে আলোচনা।
দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তদারকি এবং দলীয় নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। সংসদীয় দলের বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সংসদীয় দলের সদস্যদের দায়িত্ব পালন, নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতি এবং আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্র জানায়, সংসদ সদস্যদের নিয়মিতভাবে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সেসব কাজের অগ্রগতি ও মান তদারকি করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি শুনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা, তাদের খোঁজখবর নেয়া এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দেয়া হয়। সংসদ সদস্যদের শুধু সংসদীয় কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজ নিজ এলাকায় সক্রিয় ভূমিকা পালনের তাগিদও দেয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বৈঠকে জাতীয় ও দলীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে কর্মসূচি পালনের বিষয়েও আলোচনা হয়। এর মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এসব দিবস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালনের বিষয়ে সংসদীয় দলের সদস্যদের প্রস্তুতি ও অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় কর্মসূচি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণ দিবস পালন নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বিএনপির সংসদীয় দলের এ বৈঠকে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা, উন্নয়ন কার্যক্রমের জবাবদিহি নিশ্চিত করা এবং দলীয় সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রীর এ নির্দেশনার মধ্য দিয়ে সংসদ সদস্যদের সংসদীয় দায়িত্বের পাশাপাশি নিজ নিজ নির্বাচনী এলাকায় আরও সক্রিয় থাকার বার্তা দেয়া হয়েছে।
সবার দেশ/এমকেজে




























