সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। আগামী ১৩ নভেম্বর রাতে ঢাকা ছাড়বেন তিনি। সফরে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।
সফরে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটি নাহিদ ইসলামের প্রথম যুক্তরাজ্য সফর।
এহতেশাম হক জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার পরিস্থিতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর টেকসই সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার বিভিন্ন দিকও আলোচনায় আসতে পারে।
সফরের অংশ হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা, ঘটনাপ্রবাহ এবং অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে এহতেশাম হক বলেন, নাহিদ ইসলামের এ সফরে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
তিনি আরও জানান, যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক জোরদার করাও এ সফরের অন্যতম লক্ষ্য। এ সময় কমিউনিটির সদস্যদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শুনবেন নাহিদ ইসলাম। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। এ আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।
সবার দেশ/কেএম




























