মিরপুরে উচ্ছেদের পরই ফের দখল, সন্ধ্যায় অভিযান
রাজধানীর মিরপুর-১ নম্বরে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুধবার সকালে উচ্ছেদের পর আবারও ফুটপাত ও সড়ক দখল হয়ে গেলে সন্ধ্যায় দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়।
জানা গেছে, সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার সকাল ১১টার দিকে মিরপুর-১ নম্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেয় ডিএনসিসি। তবে অভিযান শেষে প্রশাসনের লোকজন ফিরে যাওয়ার পর দুপুরের মধ্যেই আবারও উচ্ছেদ করা জায়গাগুলো দখল হয়ে যায়।
খবর পেয়ে সন্ধ্যায় প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে আবারও অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় পুলিশ, সংশ্লিষ্ট কর্মকর্তারা, ডিএনসিসির দলীয় নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অভিযানে সহযোগিতা করেন।
ডিএনসিসি প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ফুটপাতের অবৈধ দখল বন্ধে তারা দৃঢ়প্রতিজ্ঞ। এ উদ্যোগ বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।
সকালের অভিযানে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন,
আজ শুধু ফুটপাত উচ্ছেদের অভিযান নয়। আমি বারবার বলেছি, ঢাকা শহরের যেসব জায়গায় এ ধরনের জঞ্জাল রয়েছে এবং যেগুলো আমার প্রিয় নগরবাসীর হাঁটাচলায় বাধা সৃষ্টি করছে, প্রতিটি জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রতিটি জায়গার ফুটপাত দখলমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার কাছে মনে হয়েছে, জনগণের হাঁটাচলার রাস্তা তাদের বুঝিয়ে দেওয়া আমার নৈতিক দায়িত্ব।
সবার দেশ/কেএম




























