হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় সাংবাদিকদের মিলনমেলা
পিঠাপুলি, হাঁসের গোশত আর প্রাণখোলা আড্ডায় জমবে ‘হেমন্ত সন্ধ্যা ২০২৬’
ঋতুর পালাবদলে শরতের বিদায় আর হেমন্তের আগমনী আবেশে প্রকৃতি যখন মেতে ওঠে এক স্নিগ্ধ সৌন্দর্যে, তখন নাগরিক ব্যস্ততার ভিড়ে একটু থামতে, প্রিয়জনের সঙ্গে গল্পে মেতে উঠতে আর স্মৃতির ঝাঁপি খুলে বসতে কার না মন চায়! সে চেনা আনন্দ আর আন্তরিকতার পরশ ছড়িয়ে দিতে ঢাকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘হেমন্ত সন্ধ্যা ২০২৬’।
আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ আনন্দঘন আয়োজন। ঢাকাস্থ সাংবাদিকদের প্রাণের সংগঠন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) উদ্যোগে আয়োজিত এ মিলনমেলায় পেশাগত ব্যস্ততার বাইরে সহকর্মীদের সঙ্গে হৃদ্যতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
সংবাদ সংগ্রহের নিরন্তর ছুটে চলা, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সংবাদ তৈরি, সত্য অনুসন্ধানের নিরলস প্রয়াস—সব মিলিয়ে সাংবাদিকদের জীবন যেনো ব্যস্ততার এক অবিরাম যাত্রা। সে যাত্রাপথে কখনও জমে ওঠে ক্লান্তি, কখনও হারিয়ে যায় একান্তে বসে গল্প করার অবসর। ‘হেমন্ত সন্ধ্যা ২০২৬’ যেনো সে ব্যস্ত জীবনের মাঝখানে একটুখানি প্রশান্তির জানালা, যেখানে পরিচয়ের গণ্ডি পেরিয়ে সহকর্মীরা মিলিত হবেন আন্তরিকতার বন্ধনে।
আয়োজনকে ঘিরে থাকছে গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ, মজাদার হাঁসের গোশত আর প্রাণখোলা আড্ডা। হেমন্তের আবহে বাঙালির খাদ্যসংস্কৃতির এ পরিচিত অনুষঙ্গগুলো মিলনমেলার আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। গল্পে গল্পে ফিরে আসবে পুরোনো দিনের স্মৃতি, সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি হবে হাসি-আনন্দের মুহূর্ত, আর গড়ে উঠবে নতুন করে হৃদ্যতার সেতুবন্ধ।
শুধু খানাপিনা কিংবা আড্ডা নয়, এমন আয়োজনের অন্তরালে রয়েছে আরও গভীর এক প্রত্যাশা—সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও পেশাগত সহমর্মিতাকে আরও সমৃদ্ধ করা। মত ও পথের ভিন্নতা পেরিয়ে সহকর্মীদের মধ্যে মানবিক সম্পর্কের যে বন্ধন, এমন মিলনমেলা তাকে আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি করে।
শরতের শেষ বিকেল পেরিয়ে হেমন্তের মায়াবী আবেশে এ আয়োজন হয়ে উঠুক সহকর্মীদের প্রাণের উৎসব—এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের। নগরজীবনের কোলাহল থেকে কিছুটা দূরে, পরিচিত মুখের হাসি আর আপনজনের মতো সহকর্মীদের সান্নিধ্যে সন্ধ্যাটি হয়ে উঠবে স্মরণীয়—এমন আশাবাদ আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে।
রাজধানীতে কর্মরত সিজেএফড’র সকল সাংবাদিক ও সহকর্মীকে এ মিলনমেলায় অংশ নেয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
স্থান: সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরীবাগ, শাহবাগ, ঢাকা।
তারিখ: ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার।
হেমন্তের স্নিগ্ধতা, পিঠাপুলির ঘ্রাণ আর আড্ডার উষ্ণতায় ‘হেমন্ত সন্ধ্যা ২০২৬’ হয়ে উঠুক সাংবাদিকদের প্রাণের টানে, ভালোবাসায় ও সৌহার্দ্যে গাঁথা এক অনন্য মিলনমেলা।
সবার দেশ/এমকেজে




























