প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন প্রসঙ্গে আমির হামজা
‘চাটাচাটি করে পদ না পেলে রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে নিয়ে কড়া মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেছেন, চাটাচাটি করে পদ না পেলে রাশেদ খাঁনকে রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো। এমনকি রাস্তা ঝাড়ু দেয়ার যোগ্যতাও তার নেই বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সম্প্রতি দাবি করেছেন, মুফতি আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও তার কাছে রয়েছে। রাশেদ খাঁনের এ দাবিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে বগুড়ার একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেয়ার সময় এসব মন্তব্য করেন আমির হামজা।
বক্তব্যে তিনি বলেন,
ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি আজ মোবাইল চেক করে দেখবেন... নাউজুবিল্লাহ। চরিত্র বলে কিছু আছে? চাটাচাটি করে এ পদটা যদি আজ না পেতো, আজ রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগতো। ওর তো রাস্তা ঝাড়ু দেয়ারও যোগ্যতা নেই। ওর কি যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নেবে মানুষ? অথচ সে আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
রাশেদ খাঁনসহ যারা আলেমদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাদের উদ্দেশে আল্লাহর কাছে বিচার চাওয়ার কথাও বলেন আমির হামজা।
তিনি বলেন, মানুষের পেছনে যারা লেগে থাকে, এদের কথা যেন আল্লাহ বন্ধ করে দেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী একটা বদদোয়া করেছিলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে।
নিজের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে আমির হামজা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় রিমান্ডে থাকাকালে তাকে মোবাইলে একটি অডিও শোনানো হয়েছিলো। সেটিতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কণ্ঠস্বরের সঙ্গে মিলে যায় এমন একটি কথোপকথন শোনানো হয় বলে দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে আমির হামজা বলেন, আমি আওয়ামী লীগের সময় রিমান্ডে গিয়ে দেখলাম, ডিসি-এসপিরা আমাকে মোবাইলে শোনাচ্ছে দেলাওয়ার হোসাইন সাঈদী এক মহিলার সঙ্গে গল্প করছে। একেবারে হুবহু মিলে যাচ্ছে ওনার কণ্ঠ। ওই সময় এআই প্রযুক্তি ইসরায়েলের কাছ থেকে এনেছিলেন হাসিনা। আমাকে বলছে, দেখ তোর হুজুর কী করে।
তিনি আরও বলেন,
আল্লামা সাঈদী বদদোয়া করেছিলেন, আল্লাহ আমার এত বড় অসম্মান যারা করলো, তাদেরকে তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও। আমিও মুসাফির অবস্থায় কোরআন সামনে নিয়ে আল্লাহর কসম, এ বগুড়ার মাটিতে বদদোয়া দিয়ে গেলাম। আমাদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, একটা অক্ষরের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।
আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে আমির হামজা বলেন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে চারশ পৃষ্ঠার অভিযোগ তৈরি করা হয়েছিলো। কিন্তু সেসব অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
আমির হামজা বলেন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে চারশত পৃষ্ঠা ওরা লিখেছিলো। একটার সঙ্গেও কি মিল পেয়েছেন? এগুলো সব ভারত করিয়েছে। আজও যারা হক কথা বলতে চাই, তাদেরকে থামিয়ে দিতে ঠিক ভারত এটা করছে। যারা চাটাচাটি করে তাদের দিয়ে করাচ্ছে।
সবার দেশ/কেএম




























