সরকারের শিথিলতাকে দায়ী করলো দলটি
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ধরনের ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিষয়ে সরকারের শিথিলতা ও নমনীয়তাকে দায়ী করেছে দলটি।
শনিবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির দফতর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ও আত্মত্যাগের স্মারক একটি স্থাপনায় অগ্নিসংযোগ শুধু স্থাপনার ওপর হামলা নয়, বরং জুলাইয়ের চেতনা, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং শহীদদের প্রতি জাতির সম্মানের ওপর সরাসরি আঘাত।
এনসিপি বলেছে, চাঁদপুরের ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। এর আগেও দেশের বিভিন্ন স্থানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পিরোজপুর, বরগুনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও যশোরসহ বিভিন্ন স্থানে একই ধরনের হামলার খবর পাওয়া গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ধারাবাহিক এসব ঘটনা প্রমাণ করে, জুলাইয়ের স্মৃতি ও অর্জনকে অসম্মানিত করার অপচেষ্টা এখনও থেমে নেই। পাশাপাশি সরকারের কার্যকর পদক্ষেপের অভাবও এ ধরনের ঘটনা বারবার ঘটার ক্ষেত্রে ভূমিকা রাখছে।
এনসিপির অভিযোগ, একের পর এক হামলার ঘটনা ঘটলেও সরকার এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেনি। প্রতিটি ঘটনার পর তদন্ত ও ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হলেও অপরাধীদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। সরকারের এ নিষ্ক্রিয়তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও দমন-পীড়নের বিচার নিয়েও হতাশা প্রকাশ করেছে দলটি। এনসিপির মতে, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে হামলার বিচার এবং গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার রাষ্ট্রের রাজনৈতিক ও সাংবিধানিক দায়।
দলটি বলেছে, শুধু স্মৃতিস্তম্ভ নির্মাণ কিংবা স্মরণসভার আয়োজন করলেই শহীদদের প্রতি যথাযথ সম্মান দেখানো হবে না। তাদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে সংশ্লিষ্ট অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে চাঁদপুরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা এবং দেশের সব জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত সব অপরাধের বিচার দৃশ্যমান ও কার্যকরভাবে এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।
বিবৃতির শেষাংশে দলটি বলেছে, জুলাইয়ের শহীদদের স্মৃতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অনুগ্রহের বিষয় নয়; এটি দেশের মানুষের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস। এ ইতিহাসের অবমাননা এবং শহীদদের আত্মত্যাগের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের বিচারহীনতা মেনে নেয়া হবে না।
সবার দেশ/কেএম




























