ফাঁকা বাড়ির আমগাছে ঝুলছিলো কিশোরীর লাশ
নোয়াখালীর সদর উপজেলায় জান্নাত (১১) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের বিল্লাল ডাক্তারের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত ওই বাড়ির মো. বেলালের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতের বাবা-মা দুজনই চাকরিজীবী। ঘটনার দিনও তারা কর্মস্থলে ছিলেন। প্রতিদিনের মতো জান্নাত তার ছোট ভাইকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলো। বিকেলের দিকে তার ছোট ভাই খেলতে বাইরে চলে গেলে সে একাই বাড়িতে থাকে। সন্ধ্যায় কর্মস্থল থেকে জান্নাতের মা বাড়িতে ফিরে। তাৎক্ষণিক মেয়েকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির আঙিনায় একটি আমগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।
সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, তার শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
সবার দেশ/কেএম




























