ফেসবুকে আবেগঘন বার্তা
ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক মোনামি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকেও পদত্যাগ করেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ । ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
নিজের ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.
তিনি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনোই প্রশাসনিক দায়িত্ব নেয়ার পরিকল্পনা ছিলো না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্বে যুক্ত হওয়ার বিষয়ে তিনি আগ্রহী ছিলেন না।
তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর পরিস্থিতি বদলে যায়। সে সময় দায়িত্ব নেয়ার প্রস্তাব তাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন,
আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এত বড় দায়িত্ব, যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সে দায়িত্বে আমি!!
সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, গত দুই বছরে তার কাছ থেকে ধৈর্য, সংযম ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধের অনেক কিছু শিখেছেন।
জুলাই আন্দোলন-পরবর্তী সময়কে ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’ হিসেবে উল্লেখ করে শেহরীন মোনামি বলেন, এমন জটিল পরিস্থিতি সম্ভবত এর আগে কোনও প্রক্টর টিমকে মোকাবিলা করতে হয়নি।
পোস্টের শেষাংশে নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে তিনি লেখেন, It was an absolute honour to serve with my team and under the leadership of our Proctor Saifuddin Ahmed Sir.
একই সঙ্গে তিনি আরও লেখেন, Congratulations to our new Proctor and his team. Wishing this team all the best in carrying out this significant responsibility.
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, একই দিনে প্রক্টর ও সহকারী প্রক্টরের পদত্যাগ প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা দেয়া হয়নি।
সবার দেশ/কেএম




























