জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনকে প্রকাশ্যে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ। সংঘর্ষ-পরবর্তী উত্তপ্ত পরিস্থিতির মধ্যে উপাচার্যের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, এটি ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণেই থাকবে। এখানে জামায়াত-শিবির কিংবা আওয়ামী লীগের কোনও অবস্থান থাকতে দেয়া হবে না।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সামনে দাঁড়িয়ে জাফর আহমেদ সাম্প্রতিক সংঘর্ষের জন্য ছাত্রশিবির, প্রশাসনের একটি অংশ এবং কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
তিনি বলেন, আজ ছাত্রশিবির আমাদের ওপর হামলা করেছে। অনেক শিক্ষক এবং প্রশাসনের কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত। প্রশাসনের মধ্যে জামায়াত ও আওয়ামী লীগের দোসর রয়েছে। আমরা আপনাকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু আপনি কোনও কার্যকর ব্যবস্থা নেননি।
এরপর তিনি উপাচার্যকে উদ্দেশ করে আরও বলেন, এটি ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণেই থাকবে। এখানে জামায়াত-শিবির কিংবা আওয়ামী লীগের কোনও অবস্থান থাকতে দেয়া হবে না।
একই সময় উপস্থিত শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিনও বক্তব্য দেন। তিনি অভিযোগ করে বলেন, যারা মব সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের আবাসনসহ বিভিন্ন অধিকার বাস্তবায়নে বাধা দেয়, তাদের এ ক্যাম্পাসে থাকতে দেয়া হবে না।
এদিকে একই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি এবং অন্যান্য ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), কয়েকজন শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকলেও দিনভর থমথমে পরিবেশ বিরাজ করে।
তবে ছাত্রদল নেতাদের অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সবার দেশ/কেএম




























