Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪, ১৮ আগস্ট ২০২৬

ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি পিটিআইয়ের

ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি পিটিআইয়ের
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার দল। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট সুপ্রিম কোর্টে দেয়া এক প্রতিবেদনে ইমরানের উচ্চ রক্তচাপের কথা জানানোর পর তাকে দ্রুত হাসপাতালে নেয়ার দাবি জানিয়েছে পিটিআই।

ইমরানের মামলার শুনানির এক দিন আগে সোমবার সুপ্রিম কোর্টে প্রতিবেদনটি জমা দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের উদ্বেগ ও রক্তচাপের সমস্যা কমাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেয়া প্রয়োজন।

এর পরিপ্রেক্ষিতে পিটিআই নেতারা সংবাদ সম্মেলনে ইমরানকে দ্রুত হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার দাবি জানান। একই সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়ার আহ্বান জানান তারা।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেন, ইমরানের স্বাস্থ্য নিয়ে সর্বশেষ সরকারি প্রতিবেদন অত্যন্ত উদ্বেগজনক। এ প্রতিবেদন প্রকাশের পর পুরো দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে।

তিনি দাবি করেন, ইমরানের ব্যক্তিগত চিকিৎসকেরা আগে তার রক্তচাপ পরীক্ষা করে স্বাভাবিক পেয়েছিলেন। তবে কারাগারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দেয়া প্রতিবেদনে তার রক্তচাপ বেশি থাকার কথা বলা হয়েছে। এ নিয়ে পিটিআইয়ের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

আফ্রিদির দাবি, গত ২ ডিসেম্বরের পর থেকে ইমরানের পরিবারের সদস্য, আইনজীবী ও ব্যক্তিগত চিকিৎসকদের কেউ তার সঙ্গে দেখা করার সুযোগ পাননি। সরকারি প্রতিবেদন প্রকাশিত হলেও কারাগারের ভেতরে ইমরানের সঙ্গে প্রকৃতপক্ষে কী ঘটেছে, সে বিষয়ে দলটি এখনো পরিষ্কার নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইমরানের চোখের সমস্যা প্রকাশ্যে আসার পর থেকেই পিটিআই তাকে পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে কোনো ভালো হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি জানিয়ে আসছে। দলটির পক্ষ থেকে তার সঙ্গে আইনজীবী ও পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ পুনরায় চালুর দাবিও করা হয়েছে।

সোহেল আফ্রিদি বলেন, ইমরানের সঙ্গে পরিবারের সদস্য ও আইনজীবীদের সাক্ষাতের সুযোগ চাওয়া কোনো অবৈধ বা অসাংবিধানিক দাবি নয়। তিনি এ বিষয়ে বিচার বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

তার ভাষ্য, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের একজন জনপ্রিয় নেতা যদি কারাগারে থেকেও ন্যায়বিচার না পান, তাহলে সাধারণ মানুষ কীভাবে বিচার বিভাগের কাছ থেকে ন্যায়বিচার আশা করবে। তিনি বলেন, দেশের প্রায় ২৫ কোটি মানুষের শেষ ভরসা বিচার বিভাগ এবং পিটিআই কোনো বিশেষ সুবিধা নয়, ন্যায়বিচার চাইছে।

মঙ্গলবার ইমরানের মামলার শুনানির জন্য তিন সদস্যের একটি বেঞ্চ বসার কথা রয়েছে। ওই দিন তার আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে পিটিআই।

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বলেন, ইমরানের রক্তচাপ বেশি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার দাবি, ইমরানকে অবিলম্বে হাসপাতালে নেয়া উচিত, যাতে তিনি প্রয়োজনীয় ও সর্বোচ্চ মানের চিকিৎসা পান।

পিটিআই নেতারা জানিয়েছেন, ইমরানের চিকিৎসা ও সাক্ষাতের সুযোগ নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য, আইনজীবী ও দলীয় নেতারা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। তার প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে দেশকে জানানোর ক্ষেত্রে ইমরানের পরিবারই সবচেয়ে নির্ভরযোগ্য অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেছেন সোহেল আফ্রিদি।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০ এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি পিটিআইয়ের
নারীদের জন্য চালু পিংক বাস, চলবে তিন শহরে
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী
এনবিআরকে বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
ঘুমের মধ্যেই বলিউড অভিনেত্রীর মৃত্যু
ওমানে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের
রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে আজ
বিদেশের মাটিতে রোমাঞ্চকর ১০ টেস্ট জয় বাংলাদেশের
বিভ্রান্তকারীদের অতীত দেখে নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
কাঠমাণ্ডুতে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের ১২৭ যাত্রী
১৮ আগস্ট বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস চালু
যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরানি সেনারা: সেনাপ্রধান
চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা
দুদককে অকার্যকর করে রেখেছে সরকার
বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য