জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ
গুজব নাকচ ঘনিষ্ঠ সূত্রের
ইরান-এর সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক সহযোগী। রোববার ১ মার্চ বার্তা সংস্থা আনাদোলু-কে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার ইরানজুড়ে আকস্মিক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যৌথ এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানানো হয়। এ পরিস্থিতির মধ্যেই আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সহযোগী বলেন, সাবেক প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন। তিনি জানান, আহমাদিনেজাদের নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত একটি ভবনে হামলা হয়েছে। এতে তার তিনজন দেহরক্ষী নিহত হয়েছেন। নিহতরা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-এর সদস্য ছিলেন।
ঘনিষ্ঠ সূত্র আরও জানায়, আহমাদিনেজাদের নিজ বাসভবন হামলার লক্ষ্যবস্তু ছিল না। সেটি আক্রান্ত ভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত এবং সম্পূর্ণ অক্ষত রয়েছে।
সবার দেশ/এফএস




























