সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা, বাংলাদেশে ২৮ মে
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে দেশটিতে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখার ভিত্তিতে আগামী ১০ জিলহজ, অর্থাৎ ২৭ মে (বুধবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
রোববার (১৭ মে) সৌদি আরবের রাজকীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণা দেয়। একইসঙ্গে ঈদের আগের দিন ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
পবিত্র মক্কা ও মদিনার তথ্য প্রকাশকারী নির্ভরযোগ্য মাধ্যম Haramain তাদের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।
সৌদি আরবের পাশাপাশি ওমান-ও আগামী ২৭ মে ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া একই দিনে ঈদ উদ্যাপনের সিদ্ধান্ত জানায়।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। সে হিসাবে দেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।
এ বিষয়ে সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে ঈদের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সবার দেশ/কেএম




























