বিরাটে মুগ্ধ শেহনাজ, তবে কি দেবদত্তের সঙ্গে বিশেষ সম্পর্ক?
বলিউড অভিনেত্রী শেহনাজ গিলকে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-এর প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা যাচ্ছে। আর এতেই নতুন করে গুঞ্জন ছড়িয়েছে—আরসিবির তরুণ তারকা দেবদত্ত পাডিক্কাল-এর সঙ্গে কি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেত্রী?
সম্প্রতি এক আলাপচারিতায় নিজের পছন্দের ক্রিকেটারদের নাম বলতে গিয়ে জল্পনাকে আরও উসকে দেন শেহনাজ। তিনি বলেন, আমি বিরাট কোহলিকে ভালোবাসি। আর খেলার মাঠে দেবদত্তকে আমার খুব পছন্দ।
তার এ মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। যদিও শেহনাজ কিংবা দেবদত্ত—কেউই এখন পর্যন্ত সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
এর আগেও চলতি মাসের শুরুতে একটি ভিডিও পোস্ট করে শেহনাজ লিখেছিলেন, ‘দিল আরসিবি মে হ্যায়’ (মন পড়ে আছে আরসিবিতে। এরপর থেকেই ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। আরসিবির জার্সিতে তার একাধিক ছবি ও ম্যাচে উচ্ছ্বাস প্রকাশের ভিডিও এখন নিয়মিতই ভাইরাল হচ্ছে।
গত বৃহস্পতিবারও আরসিবির জয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজের আনন্দ প্রকাশ করেন শেহনাজ। অনেক নেটিজেন আবার তাকে আরসিবির ‘লাকি গার্ল’ বলেও আখ্যা দিচ্ছেন।
অন্যদিকে, আনুশকা শর্মা ও বিরাট কোহলির সম্পর্ক বহুদিন ধরেই ক্রিকেট ও বিনোদন দুনিয়ার অন্যতম আলোচিত জুটি হিসেবে পরিচিত। সে প্রসঙ্গ টেনেই অনেকে বলছেন, বিরাটের জীবনে আনুশকা থাকলেও দেবদত্তের পাশে কি তবে দেখা যাচ্ছে শেহনাজকে?
পাঞ্জাবি বিনোদন অঙ্গন থেকে ক্যারিয়ার শুরু করা শেহনাজ গিল মূলত বিগ বস ১৩-এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। পরে সালমান খান-এর প্রযোজনায় নির্মিত কিসি কা ভাই কিসি কি জান সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।
এছাড়া ভূমি পেডনেকার-এর সঙ্গে থ্যাঙ্ক ইউ ফর কামিং সিনেমায় অভিনয় করেন তিনি। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি চলচ্চিত্র ইক কুড়ি-তেও তাকে প্রধান চরিত্রে দেখা গেছে।
বর্তমানে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন, বিশেষ করে ক্রিকেটারের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে নেটদুনিয়ায়।
সূত্র: এনডিটিভি
সবার দেশ/কেএম




























