দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধে ৩ হাজার মেগাওয়াট উৎপাদন কমেছে
দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকাতেও লোডশেডিং দিতে হবে: জ্বালানিমন্ত্রী
দুটি বিদ্যুৎকেন্দ্র প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ কারণে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি রাজধানী ঢাকাতেও লোডশেডিং দিতে হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দাঁড়িয়ে এ বিষয়ে বক্তব্য দেন জ্বালানিমন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের পাওয়ার সিস্টেমের দুটি বিদ্যুৎকেন্দ্র প্রযুক্তিগত ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে গেছে। এর ফলে জাতীয় সঞ্চালন ব্যবস্থায় প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে।
তিনি বলেন, পরিস্থিতি সম্পর্কে তিনি বিরোধীদলীয় নেতার সঙ্গেও আলোচনা করেছেন এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
মন্ত্রী বলেন, উৎপাদন ঘাটতির কারণে দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে লোডশেডিং দিতে হচ্ছে। একই কারণে রাজধানী ঢাকাতেও বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটবে।
তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে একই অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক সরকারদলীয় নেতা কারাগারে থাকলেও তাদের সম্পদের পরিমাণ বেড়েছে। তিনি আরও বলেন, নিরাপত্তাজনিত কারণে তিনি একটি ভাড়ার গাড়িতে চলাচল করেন এবং চলতি মাস শেষ হলেও এখনো সে গাড়ির ভাড়া পরিশোধ করতে পারেননি।
সবার দেশ/কেএম




























