বন্দি পলায়নের জের, পলাতক রিম্পা গ্রেফতার
কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। দায়িত্ব পালনে গুরুতর অবহেলার প্রমাণ পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সোমবার (২০ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এদিকে, ঘটনার তিন দিন পর পলাতক কয়েদি রিম্পাকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যাব।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ জুলাই সন্ধ্যায় সাজাপ্রাপ্ত কয়েদি রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। এ ঘটনায় কারা অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত প্রতিবেদনে জেলার শিরিন আক্তারের দায়িত্ব পালনে গুরুতর গাফিলতির বিষয়টি উঠে আসে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।
অন্যদিকে, রোববার (১৯ জুলাই) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র্যাব-২ পলাতক রিম্পাকে গ্রেফতার করে। তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের কঠোর নিরাপত্তাব্যবস্থা ভেদ করে রিম্পার পালিয়ে যাওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে বন্দিদের গণনার সময় তার অনুপস্থিতি ধরা পড়ে। এ ঘটনায় এর আগে গত শনিবার দায়িত্বে অবহেলার অভিযোগে সাতজন কারারক্ষীকেও সাময়িক বরখাস্ত করা হয়।
তদন্তে জানা গেছে, কারাগারের সীমানাপ্রাচীর সংলগ্ন একটি ভবনের কার্নিশ ব্যবহার করে রিম্পা দেয়াল টপকে পালিয়ে যান। তদন্ত প্রতিবেদনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরদারিতে বড় ধরনের দুর্বলতার কথাও উল্লেখ করা হয়েছে।
কারা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনার পর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তাব্যবস্থা পুনর্মূল্যায়নের উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রিম্পা ঢাকার ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দেয়া একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।
সবার দেশ/কেএম




























