Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৫৩, ৬ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দিন: প্রধানমন্ত্রী

৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দিন: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন দেশের ইতিহাসে ৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ দিন।
ওই দিন সিপাহি ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করেছিলো। 

 তিনি বলেছেন, এ বিপ্লব দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করেছিলো। ভবিষ্যতে কেউ যাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে না পারে, সেটিই হওয়া উচিত ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। একই সঙ্গে দিবসটি উদযাপনে জাতীয়ভাবে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো, জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলো এবং দেশের সেনাবাহিনীর গৌরব ও মর্যাদা ক্ষুণ্ন করতে চেয়েছিলো, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাদের পরাজয় ঘটেছিলো।

ইতিহাস থেকে শিক্ষা নেয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের জন্ম, মুক্তিযুদ্ধসহ প্রতিটি ঐতিহাসিক ঘটনা মূল্যায়নের ক্ষেত্রে অতীতকে যেমন ভুলে যাওয়া উচিত নয়, তেমনি সারাক্ষণ অতীত নিয়েও পড়ে থাকা সমীচীন নয়। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ তৈরি করতে হবে। ইতিহাসকে পুরোপুরি উপেক্ষা করাও বড় ভুল।

প্রধানমন্ত্রী আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, দীর্ঘ ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর পরাজিত শক্তি পরবর্তী সময়ে মহাজোটের নামে ঐক্যবদ্ধ হয়ে দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিলেঅ। তার অভিযোগ, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে পরিকল্পিতভাবে সেনাবাহিনীর সদস্যদের হত্যা করে বাহিনীর গৌরব ও মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছিলো। একই সঙ্গে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়।

তিনি বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।

১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিলো দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন। ২০২৪ সালে যেভাবে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিলো, একইভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতাও ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র প্রতিহত করেছিলো।

তারেক রহমান বলেন, ভবিষ্যতে কেউ যাতে জনগণের অধিকার হরণ করতে কিংবা বাংলাদেশকে অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে না পারে, তা নিশ্চিত করতে জাতীয় ঐক্য প্রয়োজন। দেশের আর্থসামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের চেতনা ধারণ করতে হবে।

তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিলো অভিন্ন। প্রতিটি আন্দোলনের লক্ষ্য ছিলো স্বাধীন বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র প্রতিহত এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রত্যয়ে ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনাকে ধারণ করতে হবে। এ প্রসঙ্গে তিনি ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনও দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানকে দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী মানুষের অঙ্গীকার হিসেবে তুলে ধরেন।

৭ নভেম্বরের বিপ্লবের চেতনা বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে প্রেরণা ও পাথেয় হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে
৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দিন: প্রধানমন্ত্রী
সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬
গ্যাস আমদানিনির্ভরতা কমাতে কতটা ভূমিকা রাখবে তিতাসের নতুন দুই কূপ?
টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, সেনাসদস্য আহত
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ডিসেম্বরে
ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ
‘ওই নারী আমার স্ত্রী নন’, দাবি রনির
৭ নভেম্বর ছুটি সব পোশাক কারখানায়
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা