স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেয়ার কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় দলটির সভা, সমাবেশ, মিছিল কিংবা দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনারও সুযোগ নেই।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, এ ধরনের প্রশ্নে তিনি বিব্রত বোধ করেন। তার ভাষ্য, আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হওয়ায় দলটির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলাও সমীচীন নয়।
প্রতিমন্ত্রী বলেন, এ নির্বাচনে যে কেউ অংশগ্রহণ করতে পারে। গতকালও আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আওয়ামী লীগ এ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না। আওয়ামী লীগ নিয়ে যারা প্রশ্ন করেন, আওয়ামী লীগ নিয়ে তো এ মুহূর্তে প্রশ্ন করা ঠিক না, উচিতও না। কারণ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনকে নিয়ে আমাদের পর্যায়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি।
তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ দলটি ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার কোনও অধিকার নেই। স্থানীয় সরকার নির্বাচন তো দূরের কথা, দলটির কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগও নেই।
মীর শাহে আলম বলেন,
যতক্ষণ পর্যন্ত এ দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার অধিকার নেই। যদি তারা তা করে, তাহলে আইনের আওতায় আসবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
তিনি বলেন, নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনা, সভা-সমাবেশ বা মিছিল করার কোনও আইনগত সুযোগ নেই। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম




























