ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেটের বিশ্বনাথে ঘরে ঢুকে আবদুল মজিদ বকুল নামে এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করে ছাত্রদল। পাশাপাশি অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি।
স্থানীয় সূত্র জানায়, শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করে পোস্ট দেন। ওই পোস্টের মন্তব্যের ঘরে আবদুল মজিদ বকুল পাল্টা জবাব দেন। এর জের ধরে বুধবার সন্ধ্যায় শামীম বকুলের বাসায় গিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
হামলায় আহত বকুলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র আরও জানায়, বকুলকে মারধরের পর শামীম আহমদ বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বাসায় গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে তাকে ধরার চেষ্টা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান।
এদিকে, ঘটনার পর হাবিবুর রহমান হাবিবকে পুলিশ আটক করলেও ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় তাকে আটক করা হয়নি বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান।
শুক্রবার বিকেলে ওসি বলেন, এরকম একটা ঘটনা আমরা শুনেছি। তবে শুক্রবার দুপুর পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। তবে আমরা বিষয়টি তদন্ত করছি।
হাবিবুর রহমানকে আটকের বিষয়ে ওসি বলেন, তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা ছিল। ওই মামলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করে উপজেলা ও পৌর ছাত্রদল। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
পথসভা থেকে ছাত্রদল নেতারা অভিযুক্ত শামীম আহমদকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীমের ফেসবুক পোস্টে কমেন্ট করায় তিনি ছাত্রদলের পৌর যুগ্ম সাধারণ সম্পাদক বকুলের বাসায় গিয়ে তাকে পিটিয়েছেন। খবর পেয়ে আশপাশের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ ঘটনায় তাকে গ্রেফতার করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়েছে।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত শামীম আহমদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সবার দেশ/কেএম




























