ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীদের নাম জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে দুই সিটির প্রার্থীদের নাম জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনেক জায়গায় ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে প্রার্থীও ঘোষণা করা হয়েছে।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেও জামায়াত অংশ নেবে জানিয়ে তিনি বলেন, সাংগঠনিকভাবে দুই সিটিতেই প্রার্থী মনোনীত করা হয়েছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে। তবে এরই মধ্যে গণমাধ্যমে প্রার্থীদের নাম এসেছে। ঢাকা উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে আবু সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে ভূমিকা রাখেন আবু সাদিক কায়েম। পরবর্তীতে ২০২৫ সালের সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি নির্বাচিত হন।
এ ছাড়া ২০২৪ সালে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন।
ঢাকার দুই সিটিতে প্রার্থী দেয়ার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনেও নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার বার্তা দিলো জামায়াত। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচনের জন্য প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতির কাজ এগিয়ে চলছে।
সবার দেশ/কেএম




























