লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে হামলা, আহত ১০
আওয়ামী নাশকতার জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম
আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে কাচের বোতল ও স্টিলের রড নিয়ে হামলার অভিযোগ; অন্তত চারজন গুরুতর আহত, সরকারের বিরুদ্ধে নাশকতায় প্রশ্রয় দেয়ার অভিযোগ নাহিদের।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে হামলার ঘটনা ঘটেছে। অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নেয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে এনসিপির নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা গুরুতর বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীরা বের হয়ার সময় ভেন্যুর বাইরে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাহিদ ইসলামের সফরসঙ্গী ও দলীয় নেতারা।
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নাহিদ ইসলাম দেশে আওয়ামী লীগের কথিত নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের জন্য বর্তমান সরকারকে দায়ী করেন। তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে যে ধরনের নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছে, তার কিছু চিত্র এখন যুক্তরাজ্যেও দেখা যাচ্ছে। এর দায় বর্তমান সরকারের।
নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট বাংলাদেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। কিন্তু এরপরও ফ্যাসিবাদী ও মুজিববাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তার অভিযোগ, এসব শক্তিকে পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেয়ার দায় বর্তমান সরকারের।
আওয়ামী লীগ পুনর্বাসনে বিএনপির ভূমিকার অভিযোগ
বক্তব্যে বিএনপির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপির বিভিন্ন উদ্যোগে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা হয়েছে। গত সাত মাসে বিএনপি সরকারের সময়েও পুনর্মিলন ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসর দেয়ার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নাহিদ ইসলামের দাবি, বিএনপির একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টায় যুক্ত ছিলো। অথচ বর্তমানে আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখে বিএনপিও অসহায় হয়ে পড়েছে। আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, এখন বিএনপি বিরোধী দলের সহযোগিতা চাইছে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতা ঠেকাতে সরকারের কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন।
সংসদ সদস্যের বাড়িতে আগুন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা
নিজ দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনাকে স্বরাষ্ট্রমন্ত্রী শর্টসার্কিটজনিত দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। অথচ তার দাবি, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওই হামলার দায় স্বীকার করেছে। এভাবে ঘটনাকে দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করে স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী শক্তিকে দায়মুক্তি দেয়ার চেষ্টা করেছেন।
নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় ব্যবস্থা না নিলে একসময় একই পরিস্থিতির মুখোমুখি সরকারকেও হতে হবে। যুক্তরাজ্যে এসে তিনি দেশে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের খবর পেয়েছেন বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে যেভাবে হামলা
গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে হামলার বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, আওয়ামী লীগের কর্মীরা অনুষ্ঠান চলাকালে কিছুটা উৎপাত করলেও অনুষ্ঠান পণ্ড করতে পারেনি। তবে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা যখন ভেন্যু থেকে বের হচ্ছিলেন, তখন শেষ মুহূর্তে কাচের বোতল ও স্টিলের স্টিক নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।
আলাউদ্দীন মোহাম্মদের অভিযোগ, নাহিদ ইসলামের গণসংবর্ধনা সফল হওয়ায় হামলাকারীরা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হয়েছিলো। অনুষ্ঠানে বাধা দিতে ব্যর্থ হয়ে তারা অংশগ্রহণকারীদের বের হওয়ার পথে আক্রমণ করে। এতে অন্তত চারজন গুরুতর আহত হন।
তার দাবি, হামলাকারীদের আক্রমণের মুখে পড়লেও এনসিপির নেতাকর্মী ও উপস্থিত ব্যক্তিরা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
আন্তর্জাতিক তদন্তের আহ্বান নাহিদের
গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ এবং ১১ দলীয় ঐক্যের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফল হয়েছে। এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তবে অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন উল্লেখ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এনসিপি আহ্বায়ক।
নাহিদ ইসলাম আরও বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তারা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় যুক্তরাজ্য সরকারের প্রতি হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের আহ্বান জানান তিনি। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত
এনসিপি আহ্বায়কের যুক্তরাজ্য সফর উপলক্ষে আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও প্রবাসী নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ, মানবসম্পদবিষয়ক সম্পাদক ডা. জাহেদুর রহমান, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল আরিফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) আরাফাত আলিফ খান।
এ ছাড়া খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সালেহ আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুক্তরাজ্যের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান পরিচালনা করেন এনসিপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির সদস্যসচিব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
গণসংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হলেও পরবর্তী হামলার ঘটনায় যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য ও বিরোধের জেরে বিদেশের মাটিতে এ ধরনের সহিংসতার অভিযোগ নতুন করে প্রবাসীদের নিরাপত্তা এবং রাজনৈতিক কর্মসূচির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে।
সবার দেশ/এমকেজে




























