Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ৫ সেপ্টেম্বর ২০২৬

উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী

উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
ছবি: সংগৃহীত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকাসহ সারা দেশে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে শুক্রবার দিনভর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা, গীতাযজ্ঞ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, আরতি, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ৮টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশনের উদ্যোগে এ গীতাযজ্ঞ পরিচালিত হয়।

জন্মাষ্টমীর মূল আকর্ষণ ছিলো ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের যৌথ উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, নবাবপুর রোড ও রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে পলাশী মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, সংসদ সদস্য হামিদুর রহমান এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ অনেকে বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রদীপ জ্বালিয়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন।

শোভাযাত্রায় ছিল নানা বর্ণিল আয়োজন। শ্রীকৃষ্ণের রথ, রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, কংসের কারাগার, রাম-সীতা, লব-কুশসহ হিন্দু পুরাণ ও শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরে সাজানো হয় ট্রাক, পিকআপ ও অন্যান্য যানবাহন। বিভিন্ন সাজে সেজে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা।

ঢাকা মহানগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে ভক্তরা ঢাকেশ্বরী মন্দির, পলাশী মোড়সহ বিভিন্ন এলাকায় জড়ো হন। রাজধানীর বিভিন্ন মন্দির ও হিন্দু ধর্মীয় সংগঠনও নিজস্ব আয়োজন নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কংসের কারাগারে দেবকী ও বসুদেবের ঘরে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। দুষ্টের দমন ও শিষ্টের লালনের পাশাপাশি সত্য ও সুন্দরের প্রতিষ্ঠার প্রতীক হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করেন।

জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানেও দিনভর নানা কর্মসূচি পালিত হয়। রমনা কালীমন্দির, রাজারবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির, মিরপুর কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ ও ধর্মীয় সংগঠন বিশেষ প্রার্থনা, কীর্তন, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এ ছাড়া বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবের আমেজে দিনটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ