দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
ভারতের রাজধানী দিল্লিতে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুপুরের পর থেকেই ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপর বজ্রপাত ও প্রবল বাতাসের সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টি। পরিস্থিতি মোকাবিলায় আবহাওয়া দফতর জরুরি রেড অ্যালার্ট জারি করেছে।
হঠাৎ বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জন্মাষ্টমী উপলক্ষে বাইরে বের হওয়া মানুষ। উৎসবের আয়োজনে রাস্তায় থাকা অনেকেই আকস্মিক বৃষ্টিতে ভিজে যান। নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন স্থানে মানুষের ছোটাছুটি শুরু হয়।
প্রবল বৃষ্টির কারণে দিল্লির বিভিন্ন প্রধান সড়কে পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়ে কয়েকটি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার আশঙ্কাও তৈরি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লির পালম, নজফগড়সহ বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এ সময় কোথাও কোথাও ঝোড়ো বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি রাস্তায় বের হলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি
সবার দেশ/কেএম




























