আবারও যুদ্ধে প্রস্তুতি ট্রাম্পের, জোগাচ্ছেন রসদ
ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা জোরালো হওয়ার মধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজগুলোতে অতিরিক্ত জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম) প্রকাশিত তথ্য ও ছবির বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সেন্টকম সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো প্রকাশ করেছে, সেখানে দেখা যায় গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ ব্যাপক পরিমাণ সামরিক রসদ, জ্বালানি ও সরঞ্জাম তোলা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রস্তুতি সাধারণত দীর্ঘমেয়াদি সামরিক অভিযান বা সম্ভাব্য সংঘাতের আগে নেয়া হয়ে থাকে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রণতরিটি মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা করছে। এ স্ট্রাইক গ্রুপে যুদ্ধবিমানবাহী রণতরি, ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ও সাবমেরিনসহ শক্তিশালী নৌ সক্ষমতা রয়েছে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে বলেও ধারণা করা হচ্ছে।
এর আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি বলেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। এ বিষয়ে কী আলোচনা হচ্ছে, তা আমি এবং হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ জানে না।
ট্রাম্পের এমন বক্তব্যের পরপরই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের এ প্রস্তুতি শুধু ইরানের জন্য বার্তা নয়, বরং পুরো অঞ্চলে শক্তি প্রদর্শনের কৌশল হিসেবেও দেখা হচ্ছে।
অন্যদিকে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে তেহরান বরাবরই বলে আসছে, যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তার জবাব কঠোরভাবেই দেয়া হবে।
সবার দেশ/কেএম




























