Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক

প্রকাশিত: ১৬:৪৮, ৩১ আগস্ট ২০২৬

আপডেট: ১৬:৪৯, ৩১ আগস্ট ২০২৬

‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির

‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
ছবি: সংগৃহীত

ধর্মীয় মন্তব্যকে কেন্দ্র করে কর্ণাটকের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির ‘ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্যের জেরে তার পদত্যাগ দাবি করেছে বিরোধী দল বিজেপি। একই সঙ্গে মন্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে দলটি।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে এ দাবি জানিয়ে বিজেপি বলেছে, মন্ত্রী ক্ষমা না চাইলে তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কর্ণাটকের কোপ্পাল জেলার কুকনুর শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মের প্রশংসা করেন। তিনি ইসলামকে মহান ও অত্যন্ত মানবিক ধর্ম হিসেবে উল্লেখ করে বলেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে কীভাবে জীবনযাপন করতে হয়, সে শিক্ষা দেয়।

এরপর তিনি বলেন, 

যারা ইসলাম সম্পর্কে জানেন না, তারা ধর্মটি নিয়ে ভুল ধারণা পোষণ করেন। তার ভাষ্য অনুযায়ী, ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এর সূচনা মানবতার মধ্য দিয়ে।

মন্ত্রী আরও জানান, তিনি ধর্ম ও বিভিন্ন ধর্মের ইতিহাস নিয়ে পড়াশোনা করেন। তবে ইহুদি, খ্রিস্টান ও ইসলাম—এ তিন আব্রাহামিক ধর্ম নিয়ে তিনি ব্যাপকভাবে পড়াশোনা করেননি বলেও উল্লেখ করেন। একইসঙ্গে তিনি নিয়মিত মন্দির বা মঠে যান না বলেও মন্তব্য করেন।

রায়ারেড্ডির মন্তব্য প্রকাশ্যে আসার পরই এর তীব্র প্রতিবাদ জানায় বিজেপি। দলটির অভিযোগ, মন্ত্রীর বক্তব্য হিন্দুধর্ম ও হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করেছে।

কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে এ বিষয়ে জবাব দাবি করেন। সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে তিনি কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘হিন্দুবিরোধী মানসিকতা’র অভিযোগ তোলেন।

অশোক প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী নিয়মিত মন্দিরে গেলেও নিজের মন্ত্রিসভার একজন সদস্য যখন হিন্দু ধর্ম ও মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, তখন তিনি কেন নীরব থাকছেন।

বিজেপি সভাপতির দাবি, বাসবরাজ রায়ারেড্ডিকে তার বক্তব্য প্রত্যাহার করে রাজ্যের হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে মুখ্যমন্ত্রীকে তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে হবে।

রায়ারেড্ডির বক্তব্যের আরেকটি অংশ নিয়েও আপত্তি জানিয়েছে বিজেপি। মন্ত্রী নিজে নিয়মিত মন্দির বা মঠে যান না—এমন মন্তব্য করায় দলটি এটিকে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানকে হেয় করার প্রচেষ্টা হিসেবে দেখছে।

আর অশোক অভিযোগ করেন, মন্ত্রীর বক্তব্যে একদিকে ইসলামকে অন্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ হিসেবে উপস্থাপন করা হয়েছে, অন্যদিকে মন্দির ও মঠের প্রতি অবজ্ঞা প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, মন্ত্রী যদি বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে রাজি না হন, তাহলে মুখ্যমন্ত্রীর উচিত তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করে নিজের অবস্থান স্পষ্ট করা।

বিজেপির মুখপাত্র অশোক গৌড়াও মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। তার অভিযোগ, ভোটারদের তুষ্ট করার রাজনৈতিক উদ্দেশ্য থেকেই রায়ারেড্ডি এমন মন্তব্য করেছেন।

তিনি বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়ার আহ্বান জানিয়ে বলেন, কোনও একটি ধর্ম সম্পর্কে চূড়ান্ত বা শ্রেষ্ঠত্বের দাবি করার আগে সংশ্লিষ্ট ধর্ম ও তার ইতিহাস সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন।

রায়ারেড্ডিকে ঘিরে এ বিতর্ক এমন এক সময়ে সামনে এলো, যখন কর্ণাটকের কংগ্রেস সরকারকে নানা ইস্যুতে আক্রমণ করছে বিজেপি।

এর মাত্র দুই দিন আগে দুর্নীতির অভিযোগের মধ্যে মন্ত্রী বি নাগেন্দ্র পদত্যাগ করেন। বিজেপির ধারাবাহিক আক্রমণের মুখে তার পদত্যাগ রাজ্য রাজনীতিতে নতুন করে চাপ তৈরি করেছে।

নাগেন্দ্রর পদত্যাগের পরপরই এবার আরেক মন্ত্রীকে ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় বিরোধী দলটি সরকারকে আরও চাপে ফেলতে চাইছে।

বাসবরাজ রায়ারেড্ডি এর আগে কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের শুরুতে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

মন্ত্রীকে ঘিরে তৈরি হওয়া এ বিতর্ক এখন পর্যন্ত মূলত বিজেপি ও কংগ্রেসের রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যেই সীমাবদ্ধ রয়েছে। রায়ারেড্ডি তার মন্তব্য প্রত্যাহার করবেন কি না কিংবা মুখ্যমন্ত্রী শিবকুমার এ বিষয়ে কোনও ব্যবস্থা নেবেন কি না—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

সবার দেশ/এমকেজে

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!